নদী ও ছড়ায় অবৈধ কাঠিবাঁধ অপসারণের উদ্যোগ
পরিবেশগত সংকটাপন্ন এলাকা হাকালুকি হাওরের সঙ্গে সংযুক্ত বিভিন্ন নদী ও ছড়ায় (খাল) মাছ ধরতে অবৈধভাবে স্থাপন করা হয়েছে অসংখ্য কাঠিবাঁধ। এতে পানির গতিপ্রবাহ বাধা পেয়ে নদী ও ছড়ার তলানিতে পলি জমে ভরাট হচ্ছে। মাছের স্বাভাবিক চলাচল বাধাগ্রস্ত ও উৎপাদন ক্ষতিগ্রস্ত হচ্ছে। পরিবেশ অধিদপ্তর স্থানীয় প্রশাসনের সহযোগিতায় কাঠিবাঁধ অপসারণের উদ্যোগ নিয়েছে। বিভিন্ন নদী বা ছড়ার কাঠিবাঁধ সরিয়ে নিতে জনপ্রতিনিধিদের মাধ্যমে প্রচারের ব্যবস্থা করা হয়েছে।পরিবেশ অধিদপ্তর ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, পরিবেশগত সংকটাপন্ন এলাকা (ইকোলজিক্যাল ক্রিটিক্যাল এরিয়া—ইসিএ) হাকালুকি হাওরের সঙ্গে অনেক ছোট-বড় নদী ও ছড়ার সংযোগ রয়েছে। এই নদী বা ছড়ার মধ্যে আছে জুড়ী, ফানাই, কন্টিনালা, সোনাই, বড়দল, ধামাই ইত্যাদি। এসব নদী ও ছড়ার বিভিন্ন স্থানে স্থানীয় লোকজন মাছ ধরতে বাঁশ দিয়ে কাঠিবাঁধ স্থাপন করেছে। এতে পানির গতিপ্রবাহ থেমে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। উজান থেকে নেমে আসা পলি তলানিতে পড়ে ভরাট হচ্ছে। অনেক স্থানে নদী ও ছড়ার গতিপথ বাধাগ্রস্ত হচ্ছে। পরিবেশ অধিদপ্তর কুলাউড়া কার্যালয় গত বৃহস্পতিবার বড়লেখা উপজেলার ধামাই নদীতে স্থানীয় প্রশাসনের সহযোগিতায় কাঠিবাঁধ উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে। ধামাই নদীর তালিমপুর ইউনিয়নের টেকরখালী ও সোনাতলা এলাকা থেকে ২২টি কাঠিবাঁধ উচ্ছেদ করা হয়েছে। পরিবেশ অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয়ের জ্যেষ্ঠ রসায়নবিদ ও কুলাউড়া কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত ইসিএর ব্যবস্থাপনা কর্মকর্তা মুজাহিদুল ইসলাম গতকাল শনিবার বলেন, ‘হাকালুকি হাওরাঞ্চলের সব নদীতেই কাঠিবাঁধ আছে। মুষ্টিমেয় কিছু লোক বাঁধ দিয়ে নদীর পানিপ্রবাহ ও মাছের স্বাভাবিক চলাচল বাধাগ্রস্ত করছে। এতে নদী মরে যাবে। মাছের উৎপাদন কমে যাচ্ছে।’ তিনি জানান, ধামাই নদীতে অসংখ্য কাঠিবাঁধ। এর মধ্যে স্থানীয় প্রশাসনের সহযোগিতায় ২২টি বাঁধ উচ্ছেদ করা হয়েছে। এলাকার সাধারণ মানুষ এতে সহযোগিতা করেছে। চেয়ারম্যানদের বলা হয়েছে, তাঁরা যেন তাঁদের এলাকার লোকজনকে কাঠিবাঁধগুলো নিজেদের উদ্যোগে অপসারণ করে নিতে বলেন। তা না হলে পরবর্তী সময়ে তা উচ্ছেদ এবং পরিবেশ আইনে মামলা করা হবে। পরিবেশ আইনে ১০ বছর কারাদণ্ড, ১০ লাখ টাকা জরিমানা অথবা উভয় দণ্ডের বিধান রয়েছে। পরিবেশ অধিদপ্তরের ইকোট্যুরিজম কর্মকর্তা মো. আনোয়ার হোসেন বলেন, ‘বর্ষায় বৃষ্টি হলে হাওরের চেয়ে নদী, ছড়া, কৃষিজমি ও প্লাবনভূমির নতুন পানি ঠান্ডা থাকে। সেখানে মাছ ডিম ছাড়তে যায়। পানি কমতে থাকলে আবার হাওরে ফিরে আসে। বাঁধের কারণে আর তারা ফিরতে পারে না। অথচ কাঠিবাঁধ, কাপড়ি জাল, কারেন্ট জাল, সেচ দিয়ে মাছ ধরা নিষিদ্ধ। নদী ভরাট হলে নৌচলাচলও বন্ধ হয়ে যাবে।’ তিনি জানান, মাছ, জলজপ্রাণী ও পর্যটনের সম্ভাবনাকে সংরক্ষণে কাঠিবাঁধ অপসারণ করা হচ্ছে।জেলা মৎস্য কর্মকর্তা কফিল উদ্দিন কাইয়া গতকাল বলেন, ‘বেশ কিছু কাঠিবাঁধ স্থানীয় প্রশাসন, পুলিশ ও মৎস্য বিভাগের উদ্যোগে অপসারণ করা হয়েছে। প্রবহমান নদীতে স্থায়ীভাবে বাঁধ দেওয়া আইনত নিষিদ্ধ। বাঁধ থাকলে মাছের যাতায়াত বাধাগ্রস্ত হয়।’ জেলা প্রশাসক মো. মোস্তাফিজুর রহমান প্রথম আলোকে বলেন, ‘নদীতে আড়াআড়ি বাঁধ দিয়ে মাছ ধরা যাবে না। সবাইকে এ নির্দেশনা দেওয়া আছে। বড়লেখার মতো অন্য উপজেলায়ও যাতে এ রকম ব্যবস্থা নেওয়া হয়, তা ইউএনওদের বলে দেব।’