নদী ও পুকুরে সুপারি ভিজিয়ে রাখায় পানিদূষণ, মরছে মাছ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার বেশির ভাগ খাল, পুকুর ও ডাকাতিয়া নদীতে সুপারি ভিজিয়ে রাখা হচ্ছে। এতে পানি দূষিত হচ্ছে এবং পার্শ্ববর্তী এলাকায় দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে। দুর্গন্ধের কারণে এসব এলাকার মানুষ দুর্ভোগ পোহাচ্ছে। একই কারণে পানির ভালো উপাদানগুলো নষ্ট হয়ে যাওয়ায় মাছ মরে যাচ্ছে।সরেজমিনে দেখা গেছে, উপজেলার চরমোহনা, রায়পুর, বামনী, চরপাতা, চরআবাবিল ও চরবংশী ইউনিয়নের অধিকাংশ খাল, পুকুর ও ডোবায় সুপারি ভিজানো হয়। এ ছাড়া ডাকাতিয়া নদীতেও সুপারি ভিজিয়ে রাখা হয়। নভেম্বর থেকে ডিসেম্বর মাস পর্যন্ত এভাবে সুপারি পানিতে ভিজিয়ে রাখা হয়। এ কারণে পানি নষ্ট হয়ে যায় এবং পচা পানির দুর্গন্ধে এলাকার মানুষ দুর্ভোগ পোহায়। একই কারণে খাল, নদী ও পুকুরের মাছ মরে যাচ্ছে।স্থানীয় ফিরোজ আলম জানান, কয়েক শ ব্যবসায়ী বস্তার ভেতরে সুপারি ঢুকিয়ে তা পানিতে ভিজিয়ে রাখে। এতে পানি নষ্ট হয়ে যায়। মরে যায় মাছ। সুপারি ভিজানোর প্রবণতা দিনের পর দিন বেড়ে যাচ্ছে। এতে পানিদূষণও বাড়ছে। স্থানীয় পরিবেশবিষয়ক একটি সংগঠনের সদস্য হারুনুর রশিদ বলেন, শুকনো মৌসুমে পুকুর, খাল ও নদীতে পানি কম থাকে। আর ওই সময়ই পানিতে ভিজানো হয় সুপারি। এতে অল্প কয়েক দিনের মধ্যেই পানি নষ্ট হয়ে দুর্গন্ধ ছড়িয়ে পড়ে। যেখানে-সেখানে সুপারি না ভিজিয়ে এলাকাভিত্তিক দুই-তিনটি পুকুর-ডোবায় ভিজানোর জন্য লোকজনকে উদ্বুদ্ধ করতে হবে। লক্ষ্মীপুর সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ইসমাইল ফারুক বলেন, ইদানীং চর্মরোগ, ডায়রিয়াসহ পানিবাহিত রোগীর সংখ্যা বেড়েছে। দূষিত পানি ব্যবহারের কারণে এ ধরনের রোগীর সংখ্যা বাড়ছে। উপজেলা মত্স্য কর্মকর্তা বেলাল হোসেন পাটোয়ারী বলেন, ডাকাতিয়া নদী, খাল ও পুকুরে সুপারি না ভিজানোর জন্য এলাকায় মাইকিং করা হয়েছে। এসব স্থানে সুপারি ভিজানোর কারণে পানি নষ্ট হয়ে মাছ মরে যাচ্ছে। মাছের প্রজনন ক্ষমতাও কমে যাচ্ছে। উপজেলা কৃষি কর্মকর্তা মো. ইকবাল প্রথম আলোকে বলেন, নদী, খাল, পুকুর ও ডোবায় অবাধে সুপারি ভিজানোর কারণে পানি দূষিত হচ্ছে। পানিতে সুপারি ভিজানোর ব্যাপারে কোনো নির্দেশনা নেই। এ কারণে এই অপতত্পরতা বন্ধে কোনো ব্যবস্থা নেওয়া যাচ্ছে না।