নদী ও সাগরে ইলিশের আকাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গোপসাগর ও নাফ নদীতে জেলেদের জালে ইলিশ পড়ছে না। অথচ এখন ইলিশ মাছের ভরা মৌসুম। এ সময় ইলিশের ঝাঁকে জাল ভারী না হলে জেলেদের মন ভরে না। ইলিশের রুপালি ঝিলিক না দেখলে চোখ জুড়ায় না। ইলিশ না পেয়ে হতাশ কক্সবাজারের টেকনাফে জেলেপাড়ার মানুষেরা।চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক মো. শাহ আলম বলেন, নদীর প্রবাহ, দূষণ ও সাগরের মাছের খাদ্যসংকট এবং পানির গভীরতা কমে যাওয়ায় মাছের আবাসস্থল পরিবর্তন হয়ে আসছে। পাশাপাশি জাটকা নিধন বন্ধ হলে ইলিশের বংশ বিস্তার বৃদ্ধি পায়। বৃষ্টিপাত শুরু হলে মিঠাপানি পান করতে এলে প্রচুর ইলিশ ধরা পড়বে বলে আশা করা হচ্ছে। জেলেরা বলেন, জ্যৈষ্ঠ মাসের শুরু থেকে কার্তিকের শেষ পর্যন্ত ইলিশ ধরার মৌসুম। এর মধ্যে আষাঢ়-শ্রাবণ ইলিশের ভরা মৌসুম। সে অনুযায়ী এখন জালে দেদার ইলিশ পড়ার কথা। কিন্তু তা পড়ছে না। টেকনাফে নাইট্যংপাড়ার ইঞ্জিনচালিত নৌকার মাঝি আবদুল হামিদ (৪০) প্রথম আলোকে বলেন, মৌসুমের শুরুতে অনেক আশা করে তিনি জাল নিয়ে নাফ নদীতে যান। মাছ না পেয়ে শেষে তাঁকে শূন্য হাতে ফিরতে হয়েছে। জ্বালানি তেলসহ আনুষঙ্গিক খরচ বেড়ে যাওয়াও তাঁদের মাছ ধরতে না যাওয়ার একটি বড় কারণ।টেকনাফে মাছ ব্যবসার সঙ্গে জড়িত গোদারবিলের ব্যবসায়ী শফিক আলম (৫৪) বলেন, নাফ নদীতে একাধিক ডুবোচর রয়েছে। এতে পানির গভীরতা কমে যাওয়ায় ইলিশ আসতে চায় না। ইলিশ তাড়াচ্ছে টেকনাফ-সেন্টমার্টিন-মিয়ানমারে পণ্যবাহী ট্রলারের শব্দ। বর্ষাকালে আগে যে পরিমাণ বৃষ্টি হতো, এখন তা হচ্ছে না। এই প্রাকৃতিক পরিবর্তনের কারণে জুন-জুলাই মাসেও ইলিশের দেখা নেই।উপজেলা ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা ছৈয়দ হুমায়ুন মোরশেদ বলেন, প্রজননের জন্য যেসব ইলিশ বঙ্গোপসাগর ও নাফ নদীসহ মিঠা পানিতে আসে, এসব ইলিশের জন্য চাই গভীর পানি। কিন্তু নদীগুলোর গভীরতা কমে যাওয়ায় ডিম পাড়তে ইলিশ আসছে না। যেসব জাটকা নদীতে ছিল, বড় হয়ে সেগুলো সাগরে নেমে গেছে। এ কারণে এখন ইলিশ নেই।