নদী ও সড়কে আলু ফেলে ব্যবসায়ী-চাষির প্রতিবাদ
ন্যায্য দাম না পাওয়ায় মুন্সিগঞ্জে ধলেশ্বরী নদী ও সড়কে শতাধিক বস্তা আলু ফেলে প্রতিবাদ জানালেন চাষি ও ব্যবসায়ীরা। গতকাল মঙ্গলবার সকাল ১০টায় তাঁরা আলু ফেলে ন্যায্য মূল্য প্রদান, বিদেশে আলু রপ্তানি ও রপ্তানিতে সহায়তা বাড়ানোর দাবি জানান।
নদীতে আলু ফেলার পর টঙ্গীবাড়ী উপজেলার পলাশপুর গ্রামের চাষি বাসেত ব্যাপারী বলেন, ‘পানির দরে আলু বিক্রি করতে হচ্ছে। তাই সেই আলু পানিতেই ফেলে দিলাম।’ তিনি এবার ২৫ একর (কানি) জমিতে আলু চাষ করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল নয়টা থেকে মুন্সিগঞ্জের বিভিন্ন উপজেলা থেকে আলু চাষিরা শহরের উপকণ্ঠ মুক্তারপুর সেতুর ঢালে জড়ো হতে থাকেন। সকাল ১০টার দিকে তাঁরা সেতুর ঢালে শতাধিক বস্তা আলু ফেলে মানববন্ধন করেন। তাঁদের সঙ্গে যোগ দেন আলু ব্যবসায়ীরাও। এ সময় আলুচাষিরা বিক্ষোভে ফেটে পড়েন। অনেকে কান্নায় ভেঙে পড়েন। চাষি ও ব্যবসায়ীরা কৃষিমন্ত্রীকে আলু বিদেশে রপ্তানি করে ন্যায্য মূল্য প্রদানের ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
চাষিরা জানান, এক কেজি আলুর উৎপাদন খরচ পড়েছে ১১ টাকা। খেত থেকে ওই আলু তুলে বস্তায় ভরে বাজারে নিতে প্রতি কেজিতে খরচ পড়ে আরও দুই টাকা। অথচ বাজারে তাঁদের আট টাকা করে লোকসান দিয়ে পাঁচ টাকা কেজি দরে আলু বিক্রি করতে হচ্ছে।
মানববন্ধনের পর চাষি ও ব্যবসায়ী পুরো মুক্তারপুর সেতুর ওপর আলু ফেলে প্রতিবাদ জানান। একপর্যায়ে কয়েক বস্তা আলু সেতুর ওপর থেকে ধলেশ্বরী নদীতে ফেলে দেন।
টঙ্গীবাড়ীর হাসাইল ইউনিয়নের আজগর ব্যাপারী বলেন, ‘বর্তমানে আলুর যে দাম তাতে বদলিরও (দিনমজুর) খরচ উঠব না। তাই আলু জমিতেই ফালাইয়া রাখছি।’
সদর উপজেলার বাংলাবাজার চরে ১০০ বিঘা জমিতে আলু চাষ করেছেন মুক্তার হোসেন। তিনি বললেন, ‘এহন আলু বিক্রি করতে হইলে কেজিতে আট টাকা কইরা লোকসান দিতে হইব। এ কারণে আলুই তুলতাছি না। আলুর ন্যায্য দাম পাইতে হইলে এই মুহূর্তে বিদেশে আলু রপ্তানি করতে হইব।’
আলুচাষি ও ব্যবসায়ীদের বিক্ষোভের ব্যাপারে জেলা প্রশাসক মো. সাইফুল হাসান বলেন, ‘আলুর দাম আসলেই অনেক কম। এ জন্য আমরা সরকারের কাছে পত্রের মাধ্যমে পরামর্শ পাঠাচ্ছি, যাতে ধান-চাল সংগ্রহের মতো আলু কিনে সংগ্রহ করা হয়। সেই সঙ্গে কৃষকেরা আলু বিদেশে রপ্তানি করার যে দাবি জানাচ্ছেন তাও সরকারের কাছে তুলে ধরে প্রয়োজনীয় উদ্যোগ নিচ্ছি।’