হবিগঞ্জের মাধবপুর উপজেলার সোনাই নদীর ওপর নির্মিত সায়হাম ফিউচার কমপ্লেক্স এলাকা গতকাল বুধবার নদী কমিশনের তদন্ত দল পরিদর্শন করেছে।
নদী দখল করে এ আধুনিক শপিং মলটি নির্মাণের অভিযোগে এ তদন্ত শুরু হয়েছে।
বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) সূত্রে জানা গেছে, মাধবপুর উপজেলা সদর দিয়ে প্রবাহিত সোনাই নদীর পূর্ব পাড়ে তিন একর জায়গা দখল করে দেশের অন্যতম শিল্প প্রতিষ্ঠান সায়হাম গ্রুপ ২০১১ সাল থেকে একটি বহুতল ভবন নির্মাণের কাজ শুরু করে।
ভবনটির নাম দেওয়া হয় সায়হাম ফিউচার কমপ্লেক্স। এ নিয়ে বাপা হবিগঞ্জ জেলা শাখা নদী দখল মুক্ত করার দাবিতে আন্দোলন শুরু করে। পাশাপাশি ভবনটি নির্মাণের ঘটনায় ২০১২ সালে প্রথম আলোয় ‘সোনাই নদী দখল করে ৪০০ কোটি টাকা ব্যয়ে সায়হাম ফিউচার কমপ্লেক্স’ শিরোনামে একটি প্রতিবেদন ছাপা হয়।
গতকাল বুধবার দুপুরে তদন্ত দল ফিউচার কমপ্লেক্স নির্মাণের জন্য মাভপুরে দখল করা এলাকা পরিদর্শন করেন। এ সময় হবিগঞ্জের জেলা প্রশাসক জয়নাল আবেদীন ও বাপার হবিগঞ্জ জেলার সাধারণ সম্পাদক হাবিবুর রহমান উপস্থিত ছিলেন।