যৌথ নদী কমিশনের (জেআরসি) সচিব পর্যায়ের বৈঠকে যোগ দিতে আজ রোববার ঢাকায় আসছে ভারতীয় প্রতিনিধি দল। দুই দিনের আলোচনায় ভারতের নয় সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন সেদেশের পানি সম্পদ সচিব উমেশ নারায়ণ পাঁজিয়ার। পানি সম্পদ সচিব শেখ মো. ওয়াহিদ-উজ-জামান বাংলাদেশের ১২-সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন। বৈঠকে প্রতিবেশী দুই দেশের ওপর দিয়ে প্রবাহিত নদীগুলোর বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তা সূত্রে জানা গেছে, বাংলাদেশের পক্ষ থেকে তিস্তার পানি বন্টন চুক্তি সইয়ের প্রক্রিয়া চূড়ান্ত করার বিষয়টি বৈঠকে প্রাধান্য পাবে। অভিন্ন নদী তিস্তার পানি বন্টন চুক্তির ব্যাপারে বাংলাদেশ জোর তত্পরতা চালাচ্ছে। এরই অংশ হিসেবে গত ডিসেম্বরে ভারতের কাছে চুক্তির একটি খসড়া হস্তান্তর করেছে বাংলাদেশ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন দিল্লি সফরের ব্যাপারে একটি ইতিবাচক সিদ্ধান্ত আশা করছে বাংলাদেশ। তিনি আগামী ১০ জানুয়ারি রাতে দিল্লির উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন। জানা গেছে, তিস্তা ছাড়াও ছয়টি অভিন্ন নদী ধরলা, দুধকুমার, মনু, মুহুরী, খোয়াই ও গোমতীর পানি বন্টন, বেশ কয়েকটি নদীর ভাঙ্গন রোধ, ইছামতী নদীর ড্রেজিং, ফেনী নদী থেকে ভারতের পানি প্রত্যাহারসহ পানিসম্পদ ব্যবস্থাপনার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে পানিসম্পদ সচিবদের বৈঠকে।