নদী কেড়ে নিল ঈদ-আনন্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার বেড়া উপজেলার পূর্ব শ্রীকণ্ঠদিয়া গ্রামের রেজাউল মণ্ডল দিনমজুরের কাজ করে কোনোরকমে সংসার চালান। বসতভিটাটুকুই ছিল তাঁর একমাত্র সম্বল। গত বুধবার দুপুরের দিকে নদীভাঙনে চোখের সামনেই তাঁর সম্বলটুকু যমুনায় বিলীন হয়ে যায়। পরিবারের সদস্যদের নিয়ে দূরে দাঁড়িয়ে এ সময় চোখের পানি ফেলা ছাড়া কিছুই করার ছিল না তাঁর।
ভাঙনের দুদিন আগেই রেজাউল আশ্রয় নেন নিজ গ্রামের একজনের বাড়িতে। কিন্তু এ আশ্রয়টিও দু-এক দিনের মধ্যে নদীতে বিলীন হওয়ার উপক্রম হয়েছে। এরপর পরিবারের সদস্যদের নিয়ে কোথায় ঠাঁই নেবেন তা নিয়ে অত্যন্ত চিন্তিত তিনি।
আজ চাঁদ উঠলে কাল ঈদ। কিন্তু তা নিয়ে কোনো ভাবনাই নেই তাঁর। আক্ষেপ করে রেজাউল বলেন, ‘বাড়িখান গাঙে নিল। ভাঙনের চিন্তায় কয়েক দিন কাজ-কামে না যাওয়ায় ঘরে চাইল-ডাইল নাই। যাগরে প্যাটে ভাত নাই, মাথা গোঁজার ঠাঁই নাই তাগরে আবার কিসের ঈদ?’
রেজাউলের মতো অবস্থা গত এক মাসে নদীভাঙনে নিঃস্ব হওয়া বেড়া উপজেলার চার গ্রামের হাজার খানেক মানুষের। খেয়ে না-খেয়ে দিন কাটছে তাঁদের। তাই তাঁদের মনে ঈদের আনন্দ নেই। অথচ গত বছর ঈদেও অনেক আনন্দ করেছেন তাঁরা।
খোঁজ নিয়ে জানা যায়, এক মাসেরও বেশি সময় আগে উপজেলার গণপোতাদিয়া, মুিন্সগঞ্জ, পূর্ব শ্রীকণ্ঠদিয়া ও চরনাগদা গ্রামে নদীভাঙন দেখা দেয়। এই সময়ের মধ্যে গ্রামগুলোর প্রায় আড়াই শ পরিবারের হাজার খানেক মানুষ সহায়-সম্বল হারিয়ে আশ্রয়হীন হয়ে পড়েছেন। তাঁরা অন্যের বাড়িতে আশ্রয় নিয়ে অথবা খোলা জায়গায় ছাউনি করে মানবেতর জীবনযাপন করছেন। সরকারি-বেসরকারি পর্যায় থেকে উল্লেখযোগ্য সাহায্যও জোটেনি তাঁদের ভাগ্যে।
মুিন্সগঞ্জ গ্রামে গেলে আজিজুল ইসলাম এই প্রতিবেদককে বলেন, ‘গত বছর ঈদে বাড়ির সগলেই নতুন জামাকাপড় পইড়্যা ঈদের আনন্দ করছি। অথচ এবারের ঈদ যাত্যাছে চোখের পানিতে।’
পূর্ব শ্রীকণ্ঠদিয়া গ্রামের প্রথম শ্রেণির ছাত্র জুয়েল বলে, ‘বাড়ি ভাইঙ্যা যাওয়ায় আমরা আরও গরিব হয়া গেছি। তাই এবারের ঈদে আব্বা আমাক নতুন জামা দিব্যার পারবি ন্যা।’ জুয়েলের মা জহুরা বেগম কথা বলতে গিয়ে কেঁদে ফেলেন। তিনি বলেন, ‘আমাগরে খাওয়া-দাওয়াই ঠিকমতো হত্যাছে না। ছাওয়াল-মিয়্যার (ছেলে-মেয়ের) ঈদের জামা দেব কোনথ্যা?’
পুরানভারেঙ্গা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান কে এম মনজেল হোসেন গতকাল রোববার বলেন, ‘ভাঙন-দুর্গতরা মানবেতর জীবনযাপন করছেন। তাঁদের জন্য এখন পর্যন্ত কোনোরকম সরকারি সহায়তা পাইনি।’
উপজেলা নির্বাহী কমর্তা (ইউএনও) মিজানুর রহমান বলেন, ‘কয়েক দিন হলো এ উপজেলায় যোগ দিয়েছি। ভাঙন-দুর্গতদের ব্যাপারে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’