নদী খনন ও অবকাঠামো উন্নয়নে আমিরাতের সহায়তা চান প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের দুটি সমুদ্রবন্দরের আধুনিকায়নসহ প্রধান নদ-নদী খনন ও অবকাঠামোগত উন্নয়ন এবং প্রস্তাবিত চট্টগ্রামে গভীর সমুদ্রবন্দর নির্মাণে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) সহায়তা চেয়েছেন। খবর বাসস ও ইউএনবির।গতকাল সোমবার আমিরাতের সফররত বৈদেশিক বাণিজ্যমন্ত্রী শেখ লুবনা বিন্ত খালিদ আল-কাসিমী গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় প্রধানমন্ত্রী এ সহায়তা চান। প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ গতকাল সাংবাদিকদের এ কথা জানান। তিনি জানান, সাক্ষাৎকালে তাঁরা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়, ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ ও বাংলাদেশ থেকে জনশক্তি নেওয়ার বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।আমিরাতের মন্ত্রী বাংলাদেশে কৃষি, খাদ্যপ্রক্রিয়া, পর্যটন, জাহাজনির্মাণ ও সেবা খাতে বিনিয়োগের ব্যাপারে আগ্রহ ব্যক্ত করেন। মন্ত্রী আমিরাতে কর্মরত আইন অনুগত বাংলাদেশের শ্রমিকদের প্রশংসা করে বলেন, তাঁরা সে দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। বাংলাদেশ এবং সংযুক্ত আরব আমিরাতের মধ্যে বর্তমানে চমৎকার সম্পর্ক বিদ্যমান। আলোচনাকালে প্রধানমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারির ভিত্তিতে বাংলাদেশে সড়ক, রেল যোগাযোগসহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরেন। তিনি চট্টগ্রামে গভীর সমুদ্রবন্দর নির্মাণ ও মংলা বন্দরের উন্নয়নের ব্যাপারে তাঁর সরকারের কর্মসূচিও তুলে ধরেন এবং এসব উন্নয়নমূলক কর্মকাণ্ড বাস্তবায়নে আমিরাতের সহায়তা প্রত্যাশা করেন। বৈঠককালে প্রধানমন্ত্রী সংযুক্ত আরব আমিরাতকে আগামী ২৫ জুলাই ঢাকায় অনুষ্ঠেয় আন্তর্জাতিক অটিজম সম্মেলনে যোগদানের আমন্ত্রণ জানান।এ সময় বাণিজ্যমন্ত্রী ফারুক খান, মুখ্য সচিব এম এ করিম এবং প্রেস সচিব আবুল কালাম আজাদ উপস্থিত ছিলেন।প্রাপ্ত পরিসংখ্যান অনুযায়ী, সংযুক্ত আরব আমিরাত হচ্ছে বাংলাদেশের রেমিট্যান্সের দ্বিতীয় বৃহত্তম উৎস। ২০০৯-১০ অর্থবছরে মোট রেমিট্যান্সের শতকরা ১৭ দশমিক ২০ ভাগ আমিরাত থেকে পাওয়া গেছে।