নদী খনন করে তীরে মাটির স্তূপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নদীর তলদেশ খননযন্ত্র (এক্সকাভেটর) দিয়ে খনন করে তীরেই মাটির স্তূপ করা হচ্ছে। ফলে ভারী বৃষ্টি হলে এই মাটি দিয়ে নদী ফের ভরাট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এ অবস্থা সিলেটের দুই উপজেলা নিয়ে প্রবহমান সুরমার শাখা বাসিয়া নদীর।
সিলেট অঞ্চলের দীর্ঘতম নদী সুরমা থেকে কুশিয়ারায় মিলিত হওয়া শাখা নদী বাসিয়া। সদর উপজেলার একাংশ হয়ে দক্ষিণ সুরমা ও বিশ্বনাথ দিয়ে প্রবাহিত হওয়ায় তিন উপজেলার পাঁচটি হাওরসহ বাসিয়ার দুই তীরের জমি ছিল ধানসহ সবজি চাষের উপযোগী। কৃষিক্ষেত্রে ‘বাইয়ারপাড়ের চাষ’ আলাদা খ্যাতিও পায়। প্রায় এক দশক ধরে বাসিয়া নদীর সুরমায় মিলিত হওয়া অংশে চর পড়ে। নদীর প্রায় চার কিলোমিটার অংশ নাব্যতাহীন হওয়ায় কৃষিজমিতে সেচের সংকট দেখা দেয়। বাইয়ারপাড়ের চাষিরা তখন থেকে নদী খননের দাবি জানিয়ে আসছিলেন। ২০১০ সালের ২১ মার্চ প্রথম আলোর আঞ্চলিক ক্রোড়পত্রে ‘সংকটে বাইয়ারপাড়ের চাষাবাদ’ শিরোনামে এক পাতার সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়। চলতি শুষ্ক মৌসুমে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) খনন শুরু করে।
পাউবো সূত্র জানায়, জলবায়ু পরিবর্তন তহবিলের অর্থায়নে একটি খনন প্রকল্পের মাধ্যমে চলতি অর্থবছরের জুন মাসে শেষ করার লক্ষ্যে শুরু হয়েছে নদী খনন। ব্যয় ধরা হয়েছে প্রায় সাড়ে ছয় কোটি টাকা। সুরমা নদীর মুখ থেকে কামালবাজার সেতু পর্যন্ত নদীর চার কিলোমিটার খনন করা হবে। এতে নদীর দুই তীর ছাড়াও দক্ষিণ সুরমা, সিলেট সদর ও বিশ্বনাথ উপজেলার বরাক হাওর, চাউলধানী হাওর, ছালীয়া হাওর, মউডুবী হাওর, দয়ালং হাওরের প্রায় ১০ হাজার হেক্টর কৃষিজমির সেচসংকট দূর হবে।
প্রকল্পের সম্ভাব্যতা যাচাই প্রতিবেদনে উল্লেখ রয়েছে, তিন উপজেলার ৭০ বর্গকিলোমিটার এলাকার পানিনিষ্কাশন-সুবিধাসহ প্রতিবছর সাত হাজার হেক্টর কৃষিজমির বর্তমান উৎপাদনের অতিরিক্ত আরও ১৫ হাজার মেট্রিক টন বোরো, আমন, উফশী ধানের উৎপাদন বাড়ছে। গত ১৩ মার্চ খনন প্রকল্পের উদ্বোধন করা হয়। নদীর তলদেশ খনন করে গভীরতা হবে ২৪ ফুট, চওড়া হবে ৬০ ফুট।
সরেজমিনে দেখা গেছে, সুরমার সঙ্গে মিলিত হওয়া অংশ থেকে খনন শুরু হয়েছে। মাশুকগঞ্জ থেকে দক্ষিণ সুরমার কামালবাজার সেতু পর্যন্ত চলছে খনন। কাজের অগ্রগতি দেখে এলাকাবাসী খননের সুফল পাবেন কি না, তা নিয়ে তাঁদের মধ্যে সংশয় দেখা দিয়েছে। তাঁদের অভিযোগ, নদীর তলদেশ খননে প্রকল্পের পরিমাপ যথাযথভাবে মানা হচ্ছে না। কোথাও ১০ ফুট গভীর করেই কাজ সারা হচ্ছে।
মোল্লারগাঁওয়ের একজন সবজিচাষি বলেন, খনন করা অংশে পানি চলে এলে কতটুকু খনন হলো, সে বিষয়টি চাপা পড়বে। সবচেয়ে উদ্বেগের বিষয় হচ্ছে খনন করা মাটি স্তূপ আকারে রাখা নিয়ে। নদী খুঁড়ে মাটি তীরে রাখায় ধসে পড়ার উপক্রম হচ্ছে।
মাশুকগঞ্জ সেতুর পাশের খনন দেখিয়ে একাধিক বোরোচাষি বলেন, খননকাজটা অন্তত শীতকালের প্রথম দিকে শুরু করলে শুষ্ক মৌসুমের মধ্যে শেষ করার সম্ভাবনা থাকত। এখন বৃষ্টির মৌসুম প্রায় চলে এসেছে। এ অবস্থায় ভারী বৃষ্টিতে খনন করা মাটির আবার নদীতে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।
স্থানীয় সাংসদ মাহমুদ-উস-সামাদ চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘জাতীয় সংসদে একাধিকবার এ সমস্যা নিয়ে বলার পর এ প্রকল্প গৃহীত হয়েছে। তাই আমার চাওয়া প্রকল্পটি যাতে যথাযথভাবে সম্পন্ন হয়, প্রকল্প বাস্তবায়নকারী কর্তৃপক্ষ হিসেবে পাউবো সেদিকে সর্বোচ্চ সতর্ক দৃষ্টি রাখবে।’
পাউবোর নির্বাহী প্রকৌশলী ছিদ্দিকুর রহমান বলেন, ‘শুরুর দিকে খননের মাটি তীরে ফেলে রাখা নিয়ে সমস্যা হয়েছিল। কিছু মাটি স্থানীয়ভাবে নেওয়া হয়েছে। এখন মাটিগুলো তীরেই ফেলার সিদ্ধান্ত হয়েছে। প্রয়োজনে তীরও সংরক্ষণ করা হবে। আমাদের লক্ষ্য এপ্রিলের মধ্যে কাজ শেষ করা। না হলে প্রকল্প বাস্তবায়নের নির্দেশনা অনুযায়ী সপ্তাহ দুয়েক বাড়িয়ে যথাযথভাবে প্রকল্পকাজ সম্পন্ন করা হবে।’