নদী খননে অনিয়মের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনার ডুমুরিয়া উপজেলার উলা এলাকার মরা ভদ্রা নদী পুনর্খননের কাজে অনিয়ম করার অভিযোগ পাওয়া গেছে। পরিমাপ ঠিক রেখে নদীটি খনন করা হচ্ছে না। এভাবে খনন-খরচ কমিয়ে বরাদ্দের টাকা আত্মসাৎ করা হচ্ছে। এক সাংসদের ভাইয়ের নেতৃত্বে এই অপতৎপরতা চালানো হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।জেলা মৎস্য কার্যালয় সূত্রে জানা গেছে, ‘চিহ্নিত অবক্ষয়িত জলাশয় ব্যবস্থাপনা প্রকল্প’ নামের একটি প্রকল্পের আওতায় উপজেলার উলা কালভার্টের নিচ থেকে মরা ভদ্রা নদীর দক্ষিণ পাশ পর্যন্ত চার হাজার ফুট খনন করার উদ্যোগ নেওয়া হয়। মার্চের শুরুতে খননকাজ শুরু হয়। এপ্রিলে কাজ শেষ হওয়ার কথা। স্থানীয়ভাবে তিনটি প্রকল্প কমিটি করে এ কাজ বাস্তবায়ন করা হচ্ছে। কাজ তদারকি করছে জেলা মৎস্য অধিদপ্তর। কালভার্টের নিচ থেকে প্রথম এক হাজার ৪০০ ফুট খনন প্রকল্প কমিটির সভাপতি গোপাল চন্দ। তিনি খুলনা-৫ আসনের সাংসদ নারায়ণ চন্দ্র চন্দের চাচাতো ভাই। পরের এক হাজার ৩০০ ফুট কমিটির সভাপতি স্থানীয় আকরাম হোসেন এবং শেষ এক হাজার ৩০০ ফুট কমিটির সভাপতি বাশার সরদার। এ কাজের জন্য ২২ লাখ ৫০ হাজার টাকা বরাদ্দ করা হয়েছে।সূত্র আরও জানায়, নিয়মানুযায়ী নদীর ওপরের অংশের প্রস্থ ৮০ ফুট (এপার থেকে ওপার), তলদেশের প্রস্থ ৫৫ ও গভীরতা আট ফুট থাকবে। স্থানীয় লোকজন অভিযোগ করেন, তিনটি প্রকল্প কমিটিকে খনন দায়িত্ব দেওয়া হলেও মূলত কাজ করছেন সাংসদের ভাই গোপাল চন্দ। তাঁর নির্দেশেই শ্রমিকেরা খাল খনন করছেন। কিন্তু বেশির ভাগ স্থানেই নির্ধারিত পরিমাপ অনুযায়ী খননকাজ করা হচ্ছে না।সরেজমিনে গত বৃহস্পতিবার দেখা গেছে, শতাধিক শ্রমিক কয়েকটি দলে বিভক্ত হয়ে খননকাজ করছেন। কালভার্টের অদূরেই কাজ করছে ছামাদ সরদারের দল। সেখানে মাটি মাপার জন্য যে মানদণ্ড (নিচ থেকে শুরু করে শেষ পর্যন্ত রাখা পিরামিড আকৃতির মাটি) ব্যবহার করা হয়েছে, তা যাচাই করে দেখা গেছে, তলদেশে প্রস্থ ৫০ ফুট, গভীরতা চার ফুট এবং ওপরের অংশ প্রস্থ ৬০ ফুট রাখা হয়েছে।গোপাল চন্দ বলেন, ‘মৎস্য অফিসের ইঞ্জিনিয়ার স্যার মোট ৩৫০০ ফুট কাটতি কয়ছে। বাড়ে (পাশে) বেশি, মাঝখানে কম ধরে এভারেজে চার ফুট গভীর করে ওপরে ১০০ ফুট ও তলায় ৮০ ফুট কাটতি কয়ছে। পরে উনারা যদি বাড়াতি বলে, তালি বাড়ায়ে দিবানি।’জেলা মৎস্য অধিদপ্তরের সহকারী প্রকৌশলী গোলাম মোস্তফা বলেন, ‘খালের ওপরে প্রস্থ ৮০, নিচে ৫৫ ও গভীরতা আট ফুট হওয়ার কথা। পরিমাপ না করা পর্যন্ত ওইটাকে আমি আসল গভীরতা ধরব না।’জেলা মৎস্য কর্মকর্তা প্রফুল্ল কুমার সরকার বলেন, ‘মাটির কাজে অনেক সময় কিছুটা নয়-ছয় হয়। কিন্তু আমি কোনো টাকা নিয়ে সই করি না। অনিয়মের অভিযোগ তদন্ত করে দেখব।’ খুলনা-৫ আসনের সাংসদ নারায়ণ চন্দ্র চন্দ বলেন, ‘নদী কাটার কাজটি যাতে সরকারি নিয়মে করা হয়, তার জন্য আমি কর্তৃপক্ষকে ও গোপাল-আকরামদের বলে দেব।’