নদী খননে অবাস্তব প্রকল্প!
পদ্মা-মেঘনা-যমুনাসহ দেশের প্রধান ২৪টি নদী খননের একটি প্রকল্প নিয়েছে সরকার। প্রায় সাড়ে নয় লাখ কোটি টাকা (বর্তমান জাতীয় বাজেটের প্রায় চার গুণ) ব্যয়ে তিন দফায় বাস্তবায়িত হবে এই প্রকল্প। পানি উন্নয়ন বোর্ড ইতিমধ্যে প্রকল্পের সম্ভাব্যতা যাচাই শেষ করেছে।
পানিসম্পদ মন্ত্রণালয় ও পানি উন্নয়ন বোর্ডের সূত্র জানায়, এটি একধরনের রাজনৈতিক প্রকল্প। পানিসম্পদ মন্ত্রণালয় বা পানি উন্নয়ন বোর্ড এ প্রকল্পের উদ্যোক্তা নয়। তবে সরকারের নীতিনির্ধারক কেন্দ্র থেকে নির্দেশিত হয়ে পানি উন্নয়ন বোর্ড প্রকল্পটি চূড়ান্ত করার জন্য কাজ করছে। শেষ পর্যন্ত এটি তারাই মন্ত্রণালয়ে উপস্থাপন করবে তাদের প্রকল্প হিসেবে।
পানি উন্নয়ন বোর্ডের সূত্রগুলো জানায়, প্রকল্পের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে নদীর নাব্যতা ফিরিয়ে আনা, বন্যানিয়ন্ত্রণ ও সেচ উন্নয়ন। এ ছাড়া, নৌপথে চলাচল ও ব্যবসা-বাণিজ্য বাড়ানো, মৎস্য ও বনসম্পদের উন্নয়ন, নদীভাঙন নিয়ন্ত্রণ প্রভৃতিও প্রকল্পপ্রস্তাবে লক্ষ্য হিসেবে অন্তর্ভুক্ত আছে। এখন পানিসম্পদ মন্ত্রণালয়ে পাঠানোর জন্য প্রকল্পপ্রস্তাবটি চূড়ান্ত করা হচ্ছে।
তবে পানিসম্পদ খাতে কর্মরত অভিজ্ঞ পেশাজীবীরা নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোর সঙ্গে আলোচনায় প্রকল্পটিকে অবাস্তব বলে অভিহিত করেছেন। কাজের বিশাল পরিধি, বিপুল ব্যয় ও এ ধরনের প্রকল্প বাস্তবায়নের জন্য দরকারি বিশেষজ্ঞ জনবলের অবস্থা বিবেচনায় নিয়ে তাঁরা প্রকল্পটি বাস্তবায়নের অযোগ্য বলে মন্তব্য করেছেন।
এমনকি এ ধরনের প্রকল্পের সম্ভাব্যতা যাচাই করার মতো যোগ্য-দক্ষ লোকও দেশে তেমন নেই বলে ওই পেশাজীবীরা প্রথম আলোকে বলেন। তাঁদের মতে, নদী ও নদীপথ রক্ষায় সরকারকে মূলত জোর দিতে হবে দখল ও দূষণরোধের ওপর।
জানতে চাইলে পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ প্রথম আলোকে বলেন, দেশের নদীগুলো প্রতিবছর পলি পড়ে ভরাট হলেও কখনো দীর্ঘমেয়ািদ পরিকল্পনা করে সুষ্ঠুভাবে খনন করা হয়নি। নদীরক্ষায় এটা করার দরকার আছে। এ ব্যাপারে প্রকল্প যেটি করা হয়েছে, সেটি মন্ত্রণালয়ে এলে পরীক্ষা-নিরীক্ষা করে পদক্ষেপ নেওয়া হবে।
অবশ্য বিশিষ্ট পানিবিশেষজ্ঞ অধ্যাপক আইনুন নিশাত বলেন, কেবল ড্রেজিংই নদ-নদীর নাব্যতা রক্ষার জন্য কখনো যথেষ্ট হতে পারে না। বাংলাদেশের নদ-নদীতে উজান থেকে পলি-বালু এসে পড়া একটি অব্যাহত বিষয়। প্রতিনিয়ত তা পড়ছে। সব নদীতে ড্রেজিং করা এ সমস্যা সমাধানের পথ নয়।
পানি উন্নয়ন বোর্ডের সূত্র জানায়, এই প্রকল্পের অধীনে ২৪টি নদীর মোট প্রায় তিন হাজার কিলোমিটার নৌপথের মধ্যে দুই হাজার কিলোমিটার খনন করা হবে। এ জন্য প্রতি দফায় ২১৬টি ড্রেজার দরকার হবে।
প্রতিবছর প্রায় তিন হাজার ৬৩৬ কোটি বর্গমিটার মাটি ও পলি খনন করে অপসারণ করা হবে। এই মাটি ব্যবহার করে মোট পাঁচ লাখ ৫২ হাজার ৫৫৬ হেক্টর জমি পুনরুদ্ধার ও উন্নয়ন করা হবে। প্রকল্পের ২০ শতাংশ কাজ হবে কায়িক শ্রমে। আর ৮০ শতাংশের জন্য ড্রেজার ব্যবহার করা হবে।
নদীরক্ষা কর্মসূচির অংশ হিসেবে এই প্রকল্পের জন্য সরকার প্রতিবছর জাতীয় বাজেট থেকে অর্থ বরাদ্দ করবে। এই প্রকল্পের জন্য কোনো বিদেশি সহায়তা নেওয়া হবে না।
প্রকল্পপ্রস্তাব অনুযায়ী খননে অগ্রাধিকার দেওয়া হবে পদ্মা, মেঘনা, যমুনা ও ব্রহ্মপুত্রকে। প্রথম দফায় এই নদীগুলোর উজান ও ভাটির অববাহিকায় খননকাজ চালানো হবে। দ্বিতীয় দফায় খনন করা হবে তিস্তা, হুরাসাগর, শীতলক্ষ্যা ও কর্ণফুলী নদী এবং মাদারীপুর বিলের নৌপথ।
তৃতীয় দফায় খনন করা হবে আত্রাই, ঘাঘট, দুধকুমার, ধরলা, টঙ্গী খাল, পুরাতন ব্রহ্মপুত্র, জুরি, ধনু, ধলাই, ভোগাই, মনু, কংশ, ইছামতী, ডাকাতিয়া ও তিতাস নদের নরসিংদী থেকে বাঞ্ছারামপুর পর্যন্ত অংশ।
সরকারের নির্ভরযোগ্য সূত্র বলছে, দেশের মধ্য দিয়ে ছোট-বড় প্রায় ২৫০টি নদী প্রবাহিত হচ্ছে। প্রতিবছর উজান থেকে আসা প্রায় এক কোটি টন পলি-বালু এসব নদীর তলদেশে জমা হয়। কিন্তু তা ড্রেজিং করে অপসারণ না করায় অনেক নদীই নাব্যতা হারিয়েছে। সরকার এসব নদীর নাব্যতা ফিরিয়ে আনতে চায়। এই প্রকল্প দেশের অর্থনীতি, নৌপথে যোগাযোগ, পরিবহন ব্যবস্থাসহ অনেক ক্ষেত্রেই ব্যাপক উন্নয়নের ধারা সূচিত করবে বলে সরকারের নীতিনির্ধারকেরা মনে করেন।