নদী খননে বাংলাদেশকে কৌশলগত সহায়তা দেবে নেদারল্যান্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্লোবাল ওয়াটার প্রোগ্রামের আওতায় জলবায়ু পরিবর্তন অভিযোজনে বাংলাদেশসহ পাঁচটি দেশকে কৌশলগত সহায়তা দেবে নেদারল্যান্ড। বন্যার ঝুঁকি কমাতে নদী খনন এবং ডায়রিয়ার প্রাদুর্ভাব কমানোর জন্য পর্যাপ্ত পরিমাণে বিশুদ্ধ পানি সরবরাহের উদ্দেশ্যে এই সহায়তা দেওয়া হবে। গতকাল সোমবার নেদারল্যান্ডের আট সদস্যের এক প্রতিনিধিদল পরিবেশ ও বন প্রতিমন্ত্রী হাছান মাহমুদের সঙ্গে বৈঠকের সময় এ সহায়তার কথা জানায়। ঢাকায় নেদারল্যান্ডের রাষ্ট্রদূত অ্যালফোনস্ হ্যানেক্যানসের নেতৃত্বে ওই প্রতিনিধিদল প্রতিমন্ত্রীর সঙ্গে তাঁর সচিবালয়ের কার্যালয়ে দেখা করে। অ্যালফোনস্ হ্যানেক্যানস জানান, বাংলাদেশ ছাড়াও ওই কার্যক্রমের আওতায় সহায়তা পাবে ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, মিসর ও মোজাম্বিক। আগামী অক্টোবরে বাংলাদেশ ও নেদারল্যান্ডের মধ্যে উচ্চপর্যায়ের বৈঠকে সমঝোতা স্মারক সই হবে। পরিবেশ ও বন প্রতিমন্ত্রী বলেন, কৌশলগত ও কারিগরি সহায়তা পেলে বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় আরও বলিষ্ঠ ভূমিকা রাখতে পারবে।এ কার্যক্রম শুরুর পূর্বপ্রস্তুতি হিসেবে নেদারল্যান্ডের একটি প্রতিনিধিদল গত এপ্রিলে প্রাথমিক পরিদর্শন কাজ শেষ করে। কার্যক্রম গৃহীত হলে আগামী ২০১০-২০১৫ সালের মধ্যে তা বাস্তবায়িত হবে। এ কার্যক্রমে সহযোগিতার ক্ষেত্রগুলো হবে নদী খনন, জলবায়ু পরিবর্তন, সুপেয় পানি সরবরাহ ও পয়োনিষ্কাশন।