নদী খননের সঙ্গে জড়িত সরকারি কর্মকর্তা ও বিশেষজ্ঞরা বলেছেন, নদী খননের ক্ষেত্রে সবচেয়ে বড় যে সমস্যা মোকাবিলা করতে হয়, তা হলো খনন করে তোলা মাটির ব্যবস্থাপনা।তাঁরা বলেন, খনন শুরু করার আগেই মাটি কোথায় রাখা হবে সেই সিদ্ধান্ত নিতে হয়। মাটি ব্যবস্থাপনা সম্পর্কে একটি নীতিমালা তৈরির কথাও বলেন তাঁরা।গতকাল শনিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে বাংলাদেশের নদীতে খননকাজ ও খননকৃত মাটি ব্যবস্থাপনাবিষয়ক এক কর্মশালায় তাঁরা এ কথা বলেন। বাংলাদেশ ওয়াটার পার্টনারশিপ এই কর্মশালার আয়োজন করে।অনুষ্ঠানে একাধিক আলোচক বলেন, সাধারণ মানুষ মনে করে নদী খনন সমস্যার একটি সাময়িক সমাধান এবং এতে অর্থের অপচয় হয়। অতীতে দেখা গেছে, খনন করা মাটি ব্যবস্থাপনার কোনো নীতি বা পরিকল্পনা না থাকায় খনন করার পরবর্তী বছরেই নদী আবার ভরাট হয়ে যায়। খননকৃত মাটি এখন আর বর্জ্য (স্পয়েল) হিসেবে না দেখে সম্পদ হিসেবে দেখতে হবে।কর্মশালার মূল উপস্থাপনায় পানি উন্নয়ন বোর্ডের সাবেক অতিরিক্ত মহাপরিচালক আবদুল ওয়াদুদ ভূঁইয়া বলেন, স্বাধীনতার আগে দেশে ২৮ হাজার কিলোমিটার নৌপথ ছিল। দিনে দিনে নদী ভরাট হয়ে নৌপথ বর্তমানে নেমে এসেছে তিন হাজার ৮০০ কিলোমিটারে। আবদুল ওয়াদুদ বলেন, সাধারণ মানুষের ধারণা, নদী খনন করে মাটি বা বালু আবার নদীতেই ফেলা হয়। তাই নদী খনন করে কোনো লাভ নেই। কিন্তু তাদের এ ধারণা ঠিক নয়। নদী খননের মাটি দিয়ে পরিকল্পিতভাবে গ্রাম বা শহর তৈরি, কৃষিজমির পরিমাণ বৃদ্ধি, শিল্পপার্কের জায়গা তৈরি ও বনায়ন করা সম্ভব। এর নজির পৃথিবীর বহু দেশে আছে।যমুনা নদী খননকাজের অভিজ্ঞতা বর্ণনা করার সময় ‘ক্যাপিটাল (পাইলট) ড্রেজিং অব রিভার সিস্টেম ইন বাংলাদেশ’ প্রকল্পের পরিচালক যতিদাশ কুণ্ডু বলেন, প্রশস্ত প্রবহমান নদীর খননকৃত মাটি বা বালু ভাসমান পাইপ দিয়ে দূরে নেওয়া কঠিন কাজ। অন্যদিকে মাটি ফেলে জমি তৈরি করে তা রক্ষা করাও কঠিন।গড়াই নদ খননের অভিজ্ঞতা বর্ণনা করে একাধিক প্রকৌশলী বলেন, খনন করে মাটি পাড়েই রাখা হতো। সেই মাটিতে আবার নদী ভরাট হতো।পানি উন্নয়ন বোর্ডের সাবেক মহাপরিচালক মোখলেসুর রহমান বলেন, গড়াই নদ পরপর তিন বছর খনন করা হয়। ওই কাজ থেকে কোনো শিক্ষা নেওয়া হয়নি। অনুষ্ঠানে প্রধান অতিথি পানিসম্পদমন্ত্রী রমেশ চন্দ্র সেন বলেন, সমস্যার তুলনায় সরকারের উদ্যোগ সামান্য। তবে যে কাজ শুরু হয়েছে তা অব্যাহত রাখতে হবে। সব নদীর নাব্যতা ফিরিয়ে আনতে পারলে প্রাকৃতিক দুর্যোগও কমবে।বিশেষ অতিথি পানিসম্পদ প্রতিমন্ত্রী মো. মাহবুবুর রহমান বলেন, ‘দেশের নদীগুলোর নাব্যতা ফিরিয়ে আনা আমাদের জন্য বড় চ্যালেঞ্জ। এটা আমাদের বাঁচা-মরার সংগ্রামের অংশ।’ একাধিক আলোচক বলেন, প্রতিটি খনন প্রকল্পে মাটি রাখার বিষয়টি অন্তর্ভুক্ত। সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্যতা বাড়াতে এই মাটির ব্যবহার দৃশ্যমান করতে এবং খননকৃত মাটি কোন কোন কাজে ব্যবহার করা যায়, তার পরিকল্পনা করতে হবে। প্রায় চার ঘণ্টার এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ওয়াটার পার্টনারশিপের প্রেসিডেন্ট মো. শহীদুল হাসান।