নদী খননের মাটিতে ভরাট সংযোগ খালের প্রবেশ মুখ
চট্টগ্রামে কর্ণফুলী নদী খননের পর মাটি রাখা হয়েছে নদীর সঙ্গে সংযুক্ত আশপাশের খালগুলোর প্রবেশমুখ এলাকায়। এতে দুটি সংযোগ খালের প্রবেশমুখের পুরোটাই ভরাট হয়ে গেছে। ফলে আসন্ন বর্ষা মৌসুমে খালসংলগ্ন এলাকায় জলাবদ্ধতা দেখা দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
বারবার তাগাদা দেওয়া সত্ত্বেও এসব মাটি অপসারণ করা হচ্ছে না বলে অভিযোগ করেছেন স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর।
মাটি ফেলার কারণে বর্তমানে চট্টগ্রাম নগরের আলকরণ এলাকার মনোহরখালী খাল এবং পি কে সেন খালের প্রবেশমুখ দিয়ে পানি নিষ্কাশনের কোনো পথ নেই। নগরের আলকরণ, ফিরিঙ্গিবাজার, মাদারবাড়ি, নালাপাড়া, আইস ফ্যাক্টরি রোড এলাকা এবং নিউমার্কেট এলাকার পানি নিষ্কাশনের অন্যতম প্রধান পথ হচ্ছে এ দুটি খাল।
গতকাল রোববার সরেজমিনে দেখা যায়, কর্ণফুলী নদীর সঙ্গে পি কে সেন এবং মনোহরখালী খালের সংযোগস্থলে দুটি সেতু নির্মাণ করা হয়েছে। কর্ণফুলী নদী খনন করে মাটি রাখা হয়েছে সেতুগুলোর নিচে ও এর আশপাশ এলাকায়। এতে খাল দুটির প্রবেশমুখ পুরোটাই ভরাট হয়ে গেছে।
গুরুত্বপূর্ণ এ দুটি খালের পানি কর্ণফুলী নদীতে নিষ্কাশনের জন্য ছোট আকারের দুটি করে চারটি পাইপ বসানো হয়েছে। স্থানীয় লোকজন বলছেন, যা প্রয়োজনের তুলনায় অপ্রতুল।
এদিকে নিয়মিত খনন না করায় পি কে সেন খালের বিশাল অংশ ভরাট হয়ে গেছে। আর মনোহরখালীর দুই প্রান্তেই মাটি স্তূপ করা হয়েছে। এতে খাল সংকুচিত হয়ে গেছে।
চট্টগ্রাম সিটি করপোরেশনের আলকরণ ওয়ার্ডের কাউন্সিলর দিদারুর রহমান প্রথম আলোকে বলেন, ‘কর্ণফুলী নদী খননের মাটি ফেলা হয়েছে খাল দুটির প্রবেশমুখে। এতে এলাকার পানি নিষ্কাশনের পথ এক প্রকার বন্ধ হয়ে আছে। পানি প্রবাহ সংকুচিত হয়ে পড়ায় খালের বিশাল অংশ ভরাট হয়ে পড়েছে।’ তিনি আরও বলেন, মূল নদীর সঙ্গে খালগুলোর সংযোগ বন্ধ হয়ে যাওয়ায় অল্প বৃষ্টিতেই নিচু এলাকাগুলো তলিয়ে যাচ্ছে। খালের প্রবেশমুখের মাটি না সরানো হলে বর্ষা মৌসুমে পুরো এলাকাজুড়ে তীব্র জলাবদ্ধতা সৃষ্টি হবে আর ভোগান্তিতে পড়বে লক্ষাধিক মানুষ।
সমপ্রতি সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা, প্রকৌশল বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা প্রকল্প এলাকা পরিদর্শন করেছেন। তাঁরা মাটি অপসারণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
জানা গেছে, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ কর্ণফুলী নদী খননের জন্য ২০১১ সালে ‘কর্ণফুলী ড্রেজিং ও ব্যাংক প্রটেকশন প্রকল্প’ গ্রহণ করে। ওই বছরের ২৮ এপ্রিল প্রকল্প বাস্তবায়নের জন্য মালয়েশিয়ার মেরিটাইম অ্যান্ড ড্রেজিং করপোরেশনের সঙ্গে চুক্তি হয়। ওই প্রতিষ্ঠানের স্থানীয় ব্যবস্থাপনা এজেন্ট প্যাসিফিক মেরিন সার্ভিস। একই বছরের ১৫ মে প্রকল্পের কাজ শুরু হয়। প্রকল্প ব্যয় ২২৯ কোটি ৫৪ লাখ টাকা।
প্রকল্প বাস্তবায়নের সম্ভাব্য সময় ছিল গত বছরের ২ জানুয়ারি। এরপর বাস্তবায়নের মেয়াদ গত বছরের ডিসেম্বর পর্যন্ত বর্ধিত করা হয়।
খালের প্রবেশমুখ থেকে মাটি সরানো প্রসঙ্গে প্যাসিফিক মেরিন সার্ভিসের প্রকল্প ব্যবস্থাপক মো. হাসান মিয়া বলেন, ‘খালের প্রবেশমুখ থেকে স্ক্যাভেটর দিয়ে মাটি সরানোর প্রক্রিয়া শুরু হয়েছে। খুব দ্রুত তা অপসারণ করা হবে। আর বৃষ্টি হলেই সেতুর নিচে জমে থাকা মাটি সরে যাবে।’