নদী-খাল ও উন্মুক্ত জলাভূমি ইজারা বন্ধের দাবি
খুলনার দাকোপ উপজেলার পরিবেশ প্রতিবেশ ও সমন্বিত পানি ব্যবস্থাপনা সুরক্ষায় নদী-খাল ও উন্মুক্ত জলাভূমি ইজারা দেওয়া বন্ধের দাবি জানিয়েছেন এলাকার জনপ্রতিনিধিসহ বিশিষ্টজনেরা। তাঁরা এক যৌথ বিবৃতিতে এ দাবি জানান।বিবৃতিতে বলা হয়, খুলনার সুন্দরবন ঘেঁষা গুরুত্বপূর্ণ জনপদ দাকোপ উপজেলা। ঘন ঘন প্রাকৃতিক দুর্যোগ, জলবায়ু পরিবর্তন আর মনুষ্যসৃষ্ট সংকটের কারণে এই এলাকার সমন্বিত পানি ব্যবস্থাপনার বিপর্যয় ঘটেছে। পানির সংকটের কারণে এ এলাকার মানুষ এখন দিশেহারা। সংবেদনশীল পরিবেশ, প্রতিবেশ, জীববৈচিত্র্য ও পানির স্বাভাবিক প্রবাহ বিবেচনায় না নিয়ে রাজস্ব আয়সহ অন্যান্য অজুহাতে এ অঞ্চলের নদী-খাল ও উন্মুক্ত জলাভূমি ইজারা দেওয়া হচ্ছে। ফলে এ অঞ্চলের প্রাকৃতিক বিপর্যয় আরও ত্বরান্বিত হচ্ছে, ঝুঁকিপূর্ণ হয়ে পড়ছে স্থানীয় মানুষের জীবন ও জীবিকা।বিবৃতিতে স্বাক্ষর করেছেন দাকোপ উপজেলা চেয়ারম্যান শেখ আবুল হোসেন, ভাইস চেয়ারম্যান গৌরপদ বাছাড়, ভাইস চেয়ারম্যান জয়ন্তী রানী সরদার, দাকোপ পৌরসভার মেয়র অচিন্ত্য কুমার মণ্ডল প্রমুখ।