নদী খাল খননে ৩৭ কোটি টাকার কাজের উদ্যোগ
কুমিল্লার কাঁকড়ি ও ডাকাতিয়া নদী এবং মেঘনা উপজেলার ৪৭টি খাল খননের জন্য ৩৭ কোটি টাকার প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। ইতিমধ্যে মেঘনার প্রকল্প অনুমোদন করা হয়েছে। শিগগিরই দুটি নদীর প্রকল্পও চূড়ান্ত করা হবে বলে জানা গেছে। পরিবেশ ও বন মন্ত্রণালয়ের জলবায়ু পরিবর্তন ট্রাস্ট তহবিলের অর্থায়নে প্রকল্পগুলো বাস্তবায়ন করবে পাউবো।একজন মন্ত্রী ও দুই সাংসদের নির্বাচনী এলাকায় ওই টাকা খরচ করা হবে। এর মধ্যে মেঘনায় ১২ কোটি, নাঙ্গলকোটে ১৯ কোটি এবং চৌদ্দগ্রামে ছয় কোটি টাকার প্রকল্প রয়েছে। প্রকল্পগুলো বাস্তবায়িত হলে সংশ্লিষ্ট এলাকার কয়েক লাখ কৃষক উপকৃত হবেন বলে প্রস্তাবে উল্লেখ করা হয়েছে।পাউবো কুমিল্লা কার্যালয় সূত্রে জানা গেছে, ২০১২ সালের ১৭ নভেম্বর চৌদ্দগ্রামের কাঁকড়ি নদীসংলগ্ন ঢোল সমুদ্র (জোড়কানন, কাশিনগর ও উজিরপুর এলাকা নিয়ে গঠিত ঢোলের মতো একটি জলাবদ্ধ এলাকা), বন্যানিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্প নামে ৩২ কিলোমিটার নদী ও খাল পুনঃখননের জন্য ছয় কোটি টাকার একটি প্রকল্প নেওয়া হয়েছে। চলতি বছরের ৪ মার্চ পরিবেশ ও বন মন্ত্রণালয়ের কারিগরি কমিটির এক সভায় প্রকল্পটি উত্থাপিত হয়। কিন্তু পর্যাপ্ত কাগজপত্র ও ব্যাখ্যা না থাকায় সেটি গৃহীত হয়নি। নতুন করে ওই প্রকল্প উপস্থাপন করা হবে। এ প্রকল্পের জন্য চৌদ্দগ্রামের সাংসদ রেলপথমন্ত্রী মো. মুজিবুল হক সুপারিশ করেছেন।পাউবো কুমিল্লার উপবিভাগীয় প্রকৌশলী মুহাম্মদ আক্তারুজ্জামান বলেন, ঢোল সমুদ্র এলাকাটি প্রাকৃতিকভাবে নিচু এলাকা। ওই প্রকল্প বাস্তবায়িত হলে ১০ হাজার হেক্টর জমির জলাবদ্ধতা দূর হবে। একই সঙ্গে সাত হাজার ৫০০ হেক্টর অনাবাদি জমি চাষের আওতায় আসবে। এদিকে পুরোনো ডাকাতিয়া নদীর ১১ কিলোমিটার এলাকা থেকে ৪২ কিলোমিটার পর্যন্ত নদী পুনঃখননের জন্য ১৯ কোটি টাকার একটি প্রকল্প প্রস্তাব উত্থাপন করা হয়। এটি বর্তমানে পানিসম্পদ মন্ত্রণালয়ে প্রক্রিয়াধীন। প্রকল্পটি বাস্তবায়িত হলে ডাকাতিয়া নদীর চৌদ্দগ্রামের কাশিনগর থেকে নাঙ্গলকোটের সাতবাড়িয়া রেলসেতু পর্যন্ত ৩১ কিলোমিটার নদী পুনঃখনন সম্ভব হবে। কুমিল্লা-১০ (নাঙ্গলকোট ও সদর দক্ষিণের একাংশ) আসনের সাংসদ আ হ ম মুস্তফা কামাল ওই প্রকল্পের জন্য সুপারিশ করেন। এ ছাড়া মেঘনার ৪৭টি খাল পুনঃখননের জন্য ইতিমধ্যে ১২ কোটি টাকার প্রকল্প প্রস্তাব পাস হয়েছে। ২০১২ সালের ১৩ নভেম্বর পানিসম্পদ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব পরিমল চন্দ্র সাহার সভাপতিত্বে পাঁচটি প্রকল্পের যাচাই-বাছাই সভা হয়। ওই সভায় কুমিল্লার তিনটি প্রকল্পের মধ্যে মেঘনার খাল খনন প্রকল্পের ব্যাপারে সিদ্ধান্ত হয়। কুমিল্লা-১ (দাউদকান্দি ও মেঘনা) আসনের সাংসদ মো. সুবিদ আলী ভুঁইয়া এর জন্য সুপারিশ করেন।গোমতী পরিচালন ও রক্ষণাবেক্ষণ বিভাগের নির্বাহী প্রকৌশলী আবুল হোসেন বলেন, ‘ইতিমধ্যে মেঘনার খাল খননের জন্য ১২ কোটি টাকার প্রকল্প পাস হয়েছে।’পাউবো কুমিল্লার নির্বাহী প্রকৌশলী মো. নূরুল আমিন বলেন, ‘সম্প্রতি কাঁকড়ি নদী এলাকার ঢোল সমুদ্র প্রকল্প প্রস্তাব উত্থাপন করা হলে সেটি মন্ত্রণালয়ে গৃহীত হয়নি। নতুন করে ওই প্রকল্প উত্থাপন করা হবে। উভয় প্রকল্প প্রস্তাব অনুমোদিত হলে আমরা দরপত্র প্রক্রিয়ায় যাব।’