খাল-নদী-জলাশয় ভরাট ও দখল হয়ে যাওয়ায় দক্ষিণাঞ্চলসহ দেশের পরিবেশ বিপর্যয় ভয়াবহ রূপ ধারণ করেছে। ইতিমধ্যে বরিশাল অঞ্চলের ১৪টি নদী নৌ-চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। অধিকাংশ নদী নাব্যতাসংকটে পড়েছে। গতকাল মঙ্গলবার বিশ্ব পরিবেশ দিবসের আলোচনায় অংশ নিয়ে বক্তারা এসব কথা বলেন। তাঁরা দেশের নদী, খাল ও জলাশয় রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান। ‘পরিবেশবান্ধব উন্নয়নে আপনিও অংশীদার হোন’ এই প্রতিপাদ্য সামনে নিয়ে গতকাল সকাল সাড়ে ১০টায় পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে বরিশাল নগরের অশ্বিনী কুমার হল চত্বর থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রা শেষে বিডিএস মিলনায়তনে এ আলোচনা সভা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বরিশাল সিটি করপোরেশনের মেয়র শওকত হোসেন। খাল-জলাশয় সংস্কার ও সংরক্ষণের দাবি তুলে আলোচনা সভায় বক্তারা বলেন, খাল-নদী ও জলাশয় নানাভাবে দখল ও ভরাটের কবলে পড়ায় পরিবেশের ওপর নেতিবাচক প্রভাব পড়ছে। সেগুলো সংস্কার ও সংরক্ষণে কোনো উদ্যোগ নেই। নির্বিচারে সামাজিক ও প্রাকৃতিক বন ধ্বংস করা হচ্ছে। এখনই কার্যকর পদক্ষেপ না নিলে পরিবেশের পাশাপাশি আর্থ-সামাজিক উন্নয়নও বাধাগ্রস্ত হবে। বরিশাল জেলা প্রশাসক এস এম আরিফ উর রহমানের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বিভাগীয় কমিশনার আবু হেনা মো. রহমাতুল মুনিম, পরিবেশ অধিদপ্তরের পরিচালক সুকুমার বিশ্বাস, কাউন্সিলর কহিনূর বেগম, পরিবেশ আন্দোলনের যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন প্রমুখ।