নদী-খাসজমি দখলের প্রতিবাদ, স্মারকলিপি
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মেঘনাঘাট এলাকায় ভূমিহীনদের বন্দোবস্ত দেওয়া খাসজমি দখলের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে সাংসদ হাজি সেলিমের মালিকানাধীন মদিনা গ্রুপের বিরুদ্ধে। এ ঘটনায় গতকাল রোববার ভূমিহীন মানুষ মানববন্ধন করে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) স্মারকলিপি দিয়েছে।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, বাপ-দাদার আমলে মেঘনা নদীর ভাঙনে তাঁদের বাড়িঘর বিলীন হয়। এরপর ১৯৮৮ সালে চররমজান সোনাউল্লাহ মৌজায় ৫০ জনের ভূমিহীন পরিবারকে খাসজমি চিরস্থায়ী বন্দোবস্ত দেয় সরকার। এরপর থেকে তাঁরা পরিবার-পরিজন নিয়ে সেখানে বসবাস করছেন।
স্মারকলিপিতে বলা হয়, মদিনা গ্রুপের পক্ষ নিয়ে স্থানীয় সন্ত্রাসীরা বালু ভরাট করে ভূমিহীনদের জায়গা ও মেঘনা নদী দখলের চেষ্টা করছে। সর্বশেষ ২০ মার্চ মদিনা গ্রুপের শ্রমিক ও স্থানীয় সন্ত্রাসীরা মেঘনা নদী ও ভূমিহীনদের নামে বন্দোবস্ত নেওয়া সরকারি খাসজমি দখলের জন্য বালু ভরাট করতে ড্রেজার (খননযন্ত্র) নিয়ে ওই স্থানে যায়। সে সময় ইসলামপুর গ্রামের নারী-পুরুষেরা ঝাড়ুমিছিল নিয়ে সন্ত্রাসীদের ধাওয়া করেন। একপর্যায়ে সন্ত্রাসীরা ড্রেজার নিয়ে মেঘনা নদী দিয়ে চলে যায়। যাওয়ার আগে সন্ত্রাসীরা পিটিয়ে গ্রামের ১৫ জনকে আহত করে। গ্রামবাসীও পাল্টা হামলা করে মদিনা গ্রুপের কারখানার বিভিন্ন দরজা-জানালা ভাঙচুর করে।
ইসলামপুর গ্রামের বাসিন্দা রওশন আরা বলেন, ‘আমাদের নামে সরকারের বন্দোবস্ত দেওয়া খাসজমি দখল করতে কয়েক বছর ধরে মরিয়া হয়ে উঠেছেন মদিনা গ্রুপের লোকজন। তাঁদের দখলকাজে বাধা দেওয়ায় গত দুই বছরে ৩৫ জন ভূমিহীনকে পিটিয়ে আহত করা হয়।’
এ ব্যাপারে যোগাযোগের চেষ্টা করে সাংসদ হাজি সেলিমের মুঠোফোন বন্ধ পাওয়া যায়। তবে মদিনা গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান মদিনা শিপইয়ার্ডের ব্যবস্থাপক কামরুল ইসলাম বলেন, ‘আমরা আমাদের ক্রয় করা সম্পত্তিতে বালু ভরাট করার চেষ্টা করছি। ভূমিহীনদের নামে সরকারি জায়গা দখল করার চেষ্টার সঙ্গে আমরা জড়িত নই। রাজনৈতিকভাবে হেয় করার জন্য আমাদের নাম ব্যবহার করা হচ্ছে। ভূমিহীনদের ওপর হামলা করার প্রশ্নই আসে না।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু নাছের ভূঞা বলেন, ভূমিহীনদের স্মারকলিপি গ্রহণ করা হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।