নদী গিলছে বাঁধ ও গ্রাম স্থায়ী ব্যবস্থা নেওয়ার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাঙ্গালী নদীর ভাঙনে বগুড়ার শেরপুরের চককল্যাণী গ্রাম ও একটি বেড়িবাঁধ বিলীন হয়ে যাচ্ছে। ইতিমধ্যে গ্রামটির আড়াই শতাধিক পরিবারের বসতভিটা নদীগর্ভে চলে গেছে। এখনই ভাঙন ঠেকানোর উদ্যোগ না নিলে বাঁধটির একটি অংশ ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা করা হচ্ছে।এলাকাবাসী সূত্রে জানা গেছে, বাঙ্গালী নদীর ভাঙন রোধে বেসরকারি সংস্থা ব্রাদার উইলিয়াম নব্বইয়ের দশকে শেরপুর ও ধুনট উপজেলার বিভিন্ন এলাকার প্রায় ১৮ কিলোমিটারে বেড়িবাঁধ নির্মাণ করে। পরে স্থানীয় লোকজন ওই বাঁধটি শেরপুরের মির্জাপুর থেকে ধুনটের পেঁচিবাড়ি পর্যন্ত কাঁচা রাস্তা হিসেবে ব্যবহার করতে থাকে। এখন এই বাঁধের সংস্কারসহ রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)।গত সোমবার সরেজমিনে দেখা গেছে, চককল্যাণী গ্রাম ও বেড়িবাঁধের বিভিন্ন অংশ নদীতে ধসে পড়ছে। প্রতিদিনের ভাঙনের কারণে ওই গ্রামের চার ভাগের তিন ভাগ এবং প্রায় দেড় শ বিঘা কৃষিজমি নদীতে চলে গেছে।গ্রামবাসী জানায়, এক যুগ ধরে চলা ভাঙনের কারণে এ গ্রাম থেকে বসতভিটা হারিয়ে আড়াই শতাধিক পরিবার অন্যত্র চলে গেছে। বর্তমানে এখানে মাত্র ৫০ পরিবার বাস করছে। তবে এসব পরিবারের সদস্যরাও ভাঙন আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন।চককল্যাণী গ্রামের বাসিন্দা নূরুল ইসলাম জানান, বাঁধটির চককল্যাণী অংশে দুই-তিন ফুট ধসে পড়লেই পানি ঢুকে আশপাশের এলাকা এবং কয়েক শ একর কৃষিজমি প্লাবিত হবে। নদীভাঙন রোধ না করা গেলে উপজেলার মানচিত্র থেকে মুছে যাবে চককল্যাণী গ্রাম। বাঁধের কিছু এলাকায় স্থানীয় প্রকৌশল অধিদপ্তর সংস্কারমূলক রক্ষণাবেক্ষণের কাজ করেছে।নদীভাঙনের কারণে চককল্যাণীর বাসিন্দা ফজর আলী আশ্রয় নিয়েছেন বিলজয়সাগর গ্রামে। তিনি জানান, তাঁর তিন বিঘা জমি নদীগর্ভে চলে গেছে। এখন তিনি দিনমজুর। একই গ্রামে আশ্রয় নেওয়া আকরাম হোসেন ও আছের আলী জানান, সরকার বাঁধটি মেরামত করলে তাঁদের গ্রামছাড়া হতে হতো না।চককল্যাণী গ্রামের বাসিন্দা ও স্থানীয় সুঘাট ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মো. রহমত আলী জানান, এলজিইডির ভাঙন রোধে ইতিপূর্বে যা করা হয়েছে, তা আবার নদীগর্ভে বিলীন হয়ে গেছে। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) মাধ্যমে প্রকল্প নিয়ে স্থায়ীভাবে ভাঙন রোধ করার উদ্যোগ নেওয়া উচিত। উপজেলা প্রকৌশলী মো. শামছুজ্জামান জানান, স্থানীয় জনপ্রতিনিধিরা তাঁকে চককল্যাণী গ্রামের ভাঙনের বিষয়টি জানিয়েছেন। এ বিষয়ে সরেজমিনে গিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।