নদী গিলছে সড়ক
ধরলা নদীর অব্যাহত ভাঙনে এক সপ্তাহে কুলাঘাট-ফুলবাড়ী আঞ্চলিক সড়কের লালমনিরহাট সদর উপজেলার কুলাঘাট ইউনিয়ন অংশের ১০০ মিটার বিলীন হয়ে গেছে। ফলে এ সড়ক দিয়ে যান চলাচল বন্ধ হয়ে গেছে। দুই জেলার মানুষ বিপাকে পড়েছেন।সড়ক ও জনপথ (সওজ) লালমনিরহাট কার্যালয় সূত্রে জানা গেছে, ২০০২-০৩ অর্থবছরে সওজ সড়কটি নির্মাণ করে। এর দৈর্ঘ্য সাড়ে নয় কিলোমিটার এবং প্রস্থ ৩ দশমিক ৭ মিটার। এটি লালমনিরহাট জিরো পয়েন্ট এলাকা থেকে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলা পর্যন্ত চলে গেছে। এ সড়ক দিয়ে লালমনিরহাট ও কুড়িগ্রামসহ আশপাশের কয়েকটি জেলার লোকজন যাতায়াত করেন।গত শনিবার সরেজমিনে দেখা গেছে, লালমনিরহাট সদর উপজেলার কুলাঘাট ইউনিয়নে চরশিবেরকুঠি এলাকায় ভয়াবহ ভাঙন চলছে। ভাঙন অব্যাহত থাকায় কুলাঘাট-ফুলবাড়ী ঘাটটি ফুলবাড়ী থেকে পশ্চিম দিকে প্রায় এক হাজার মিটার সরিয়ে কুলাঘাট পাকার মাথায় নিয়ে আসা হয়েছে। কিন্তু যেভাবে ভাঙছে, তাতে এখানেও ঘাটটি রাখা যাবে না বলে আশঙ্কা করা হচ্ছে। কুলাঘাট ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ইদ্রিস আলী জানান, কুলাঘাট-ফুলবাড়ী আঞ্চলিক সড়কটি রক্ষা করার জন্য দ্রুত উদ্যোগ নেওয়া উচিত। তিনি ভাঙন প্রতিরোধে ব্যবস্থা নিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন করেছিলেন। তাঁর আবেদনের পরিপ্রেক্ষিতে সওজ লালমনিরহাট কার্যালয় এবং পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কুড়িগ্রাম কার্যালয়ের লোকজন গত বৃহস্পতিবার এলাকা পরিদর্শনে এসেছিলেন। কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। সওজের লালমনিরহাট কার্যালয়ের উপ-সহকারী প্রকৌশলী আনোয়ার হোসেন জানান, সওজ সড়কটি নির্মাণ করেছে। কিন্তু নদীভাঙনে ক্ষতিগ্রস্ত হওয়ায় প্রথমে পাউবোকে নদী-শাসনের বিষয়ে উদ্যোগ নিতে পরামর্শ দেওয়া হয়েছে। ওই কাজ শেষ হলে সওজ এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।পাউবো কুড়িগ্রাম কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী আবু তাহের জানান, কুলাঘাট-ফুলবাড়ী আঞ্চলিক পাকা সড়ক এবং ওই এলাকা ভাঙনের হাত থেকে রক্ষা করতে ৪০০ মিটার দীর্ঘ ধরলা ডান তীর রক্ষা প্রকল্পের কাজের জন্য ৯৬ লাখ টাকা বরাদ্দ চেয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়েছে। বরাদ্দ পাওয়া গেলেই কাজ শুরু হবে।