নদী তীরের মাটি কেটে ইটভাটায়
কক্সবাজারের রামু উপজেলার চাকমারকুল কলঘর বাজারের পাশে বাঁকখালী নদীর তীরের মাটি কেটে নিয়ে যাচ্ছেন কয়েকজন ইটভাটা মালিক। প্রায় দুই কিলোমিটার এলাকাজুড়ে দুই মাস ধরে নদীতীরের মাটি কাটা চলছে। এলাকার মানুষ আশঙ্কা করছেন, এতে নদীর গতি পরিবর্তন, বর্ষায় নতুন করে ভাঙন সৃষ্টি এবং নদীর পানি সামান্য বাড়লেই কয়েকটি গ্রাম তলিয়ে যেতে পারে। আর হুমকির মুখে পড়বে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক। ৮ জানুয়ারি সরেজমিনে দেখা গেছে, বাঁকখালী নদীর পূর্ব তীরের মাটি কাটার পর এবার পাশের ধানিজমির মাটি কাটা চলছে। শ্রমিকেরা তিনটি পিক-আপে ভরে মাটিগুলো ইটভাটায় নিয়ে যাচ্ছে। মাটি কাটা তদারকি করছেন এক যুবক। নিজেকে সাহাব উদ্দিন পরিচয় দিয়ে তিনি জানান, এনএস ইটভাটার মালিক নূরুল হকের নির্দেশে এ মাটি কেটে তাঁর ইটভাটায় নিয়ে যাওয়া হচ্ছে। ওই নদীর তীরেও তাঁর নির্দেশে মাটি কাটা হয়েছে। নদীর তীর থেকে মাটি কাটার বিষয়টি স্বীকার করে এনএস ইটভাটার মালিক নূরুল হক জানান, যেখান থেকে মাটি কাটা হচ্ছে ওগুলো তাঁর পরিবারের জমি। তবুও উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নিষেধাজ্ঞার পর তিনি তীরের মাটি কাটা বন্ধ রেখেছেন। নদীর তীর ধরে একটু দক্ষিণে গেলে দেখা যায়, তীরের প্রায় দুই কিলোমিটার এলাকাজুড়ে বিভিন্ন দলে প্রায় ২০০ শ্রমিক মাটি কাটছেন। জমির উপরিভাগের (টপ সয়েল) তিন থেকে পাঁচ ফুট মাটি কেটে ২৫ থেকে ৩০টি পিকআপে ভরে বিভিন্ন ভাটায় নিয়ে যাওয়া হচ্ছে। মাটিকাটায় নিয়োজিত শ্রমিকেরা জানান, এসব মাটি ইট তৈরির জন্য রামুর মো. জাহাঙ্গীরের জেডএইচটি ইটভাটা, মোস্তফার জেডএমএল, মোজাফ্ফর আহমদের এসএইচ, আবদুল গফুরের জিএম, মো. মোস্তফার এমকে ও মীর কাশেম হেলালীর এইচবিএমসহ বিভিন্ন ইটভাটায় নিয়ে যাওয়া হচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন এলাকাবাসী জানায়, ভাটা মালিকেরা প্রভাবশালী হওয়ায় এলাকাবাসী মাটিকাটার প্রতিবাদও করতে সাহস পাচ্ছে না। এলাকাবাসী আরও জানায়, নদীর তীর থেকে মাটি কেটে নেওয়ার কারণে ওই স্থানে নদীর গতিপথ পরিবর্তন এবং নতুন করে ভাঙনের সৃষ্টি হতে পারে। এ ছাড়া নদীর পানি সামান্য বাড়লে নদী তীরের বিস্তীর্ণ এলাকা ডুবে যাবে। নতুন করে ভাঙন সৃষ্টি হলে পাশের ফোয়ার চরপাড়া, আলী হোসেন সিকদার পাড়া, কোনার পাড়া, মিস্ত্রিপাড়া, দক্ষিণ চাকমারকুল গ্রামসহ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক হুমকির মুখে পড়বে। উপজেলা ইটভাটা মালিক সমিতির সভাপতি ও চাকমারকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল হোসেন জানান, কিছু কিছু জমির মালিক টাকার বিনিময়ে মাটি বিক্রি করছে। কিন্তু নদীর তীর কাটার অধিকার কারও নেই। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শহীদ মোহাম্মদ ছাইদুল হক নদীতীরের মাটি কাটার ফলে নদীর গতিপথ পরিবর্তন এবং ভাঙন শুরুর আশঙ্কা করে বলেন, এ পর্যন্ত ওই স্থানে তিনবার অভিযান চালানো হয়েছে। কিন্তু তাঁরা আগেই খবর পেয়ে যান। প্রশাসনের কড়া নিষেধাজ্ঞা সত্ত্বেও কয়েকজন ইটভাটার মালিক মাটি কাটছেন। সুনির্দিষ্ট তথ্য নিয়ে তাঁদের বিরুদ্ধে মামলা করা হবে।