নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ করা হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীতে অবৈধভাবে বালু তুলে নদীর ক্ষতি করা হচ্ছে। সেই বালু ১০ চাকার ট্রাকে বহন করায় রাস্তার ক্ষতি হচ্ছে। এই দুই সমস্যার বিষয়ে বিস্তারিত তথ্য এবং তার সমাধানের উপায় নিয়ে সাত দিনের মধ্যে প্রতিবেদন চাইল জাতীয় নদী রক্ষা কমিশন।
কমিশনের চেয়ারম্যান মো. আতাহারুল ইসলাম গতকাল শুক্রবার রাজবাড়ী নদী রক্ষা কমিটির সভায় অংশ নিয়ে এ বিষয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে প্রতিবেদন চান। বিকেলে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ সভায় বিশেষ অতিথি ছিলেন জাতীয় নদী রক্ষা কমিশনের সদস্য ও নৌপরিবহন মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব শেখ আলাউদ্দিন আলী।
সভায় উপস্থিত অনেকে রাজবাড়ীতে অবৈধভাবে বালু উত্তোলন ও রাস্তায় বালু পরিবহনে অবৈধ ১০ চাকার ট্রাক চলাচল বন্ধ করার বিষয়ে কথা বলেন। জবাবে কমিশনের চেয়ারম্যান বলেন, সভায় যেসব বিষয় উত্থাপিত হয়েছে, তার প্রতিটির বিষয়ে নোট নেওয়া হয়েছে। নদী থেকে অবৈধভাবে বালু তোলা ও বালু পরিবহনে ১০ চাকার ট্রাক চালিয়ে রাস্তার যে ক্ষতি করা হচ্ছে, তা জেলা প্রশাসক ও জেলা পুলিশের সহযোগিতায় বন্ধ করা হবে। সভায় উত্থাপিত এসব বিষয় সম্পর্কে তিনি রাজবাড়ী সদর উপজেলার ইউএনওকে সাত দিনের মধ্যে তাঁর কাছে প্রতিবেদন পাঠাতে বলেন। তিনি বলেন, সেই প্রতিবেদনের আলোকে ভবিষ্যৎ করণীয় নির্ধারণ করা হবে। প্রয়োজনে দোষী ব্যক্তিদের কাছ থেকে ক্ষতিপূরণ আদায় করা হবে।
পাউবোর প্রতি অসন্তোষ
সভায় রাজবাড়ী শহর রক্ষা প্রকল্পের (ফেজ-২) বিভিন্ন দিক নিয়ে পাওয়ার পয়েন্ট উপস্থাপন করেন পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী গৌরপদ সূত্রধর। এ সময় জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান আতাহারুল বলেন, সভায় প্রকল্প সম্পর্কে যে বিষয়গুলো পাউবো উপস্থাপন করেছে, তা থেকে পরিষ্কার ধারণা পাওয়া যায়নি। প্রকল্পটি বাস্তবায়নের ক্ষেত্রে পাউবোর সদিচ্ছার অভাব রয়েছে।
সভায় বক্তব্য দেন রাজবাড়ী জেলা পরিষদের চেয়ারম্যান ফকীর আবদুল জব্বার, পুলিশ সুপারের প্রতিনিধি হিসেবে অতিরিক্ত পুলিশ সুপার মো. আজাদ রহমান, স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের (এলজিইডি) নির্বাহী প্রকৌশলী খান এ শামীম, সদর উপজেলার ইউএনও নুরমহল আশরাফী, বালিয়াকান্দির ইউএনও এইচ এম রকিব হায়দার, বেসরকারি সংস্থা রাসের নির্বাহী পরিচালক লুৎফর রহমান প্রমুখ। উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রেবেকা খান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মানোয়ার হোসেন মোল্যা, নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) আরিফুল হক।