নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝিনাইদহ-মাগুরার সীমান্ত দিয়ে বয়ে যাওয়া ফটকী নদী থেকে খননযন্ত্র দিয়ে অবৈধভাবে বালু তোলা হচ্ছে। দুই জেলার সীমান্তের নাটোয়াপাড়া ও মশাখলী থেকে ১৫ দিন ধরে এভাবে বালু তোলা হচ্ছে।
এতে নদীর তীরবর্তী এলাকার জমি ধসে পড়বে বলে জমির মালিকেরা আশঙ্কা করছেন। এলাকার কৃষকেরা প্রতিবাদ করলেও বালু তোলা বন্ধ হচ্ছে না।
গত শুক্রবার সরেজমিনে দেখা গেছে, ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার নাটোয়াপাড়া গ্রামের পরে মাগুরার মশাখালী গ্রাম। এই দুই গ্রামের মধ্য দিয়ে বয়ে যাওয়া ফটকী নদীতে খননযন্ত্র বসিয়ে বালু তুলছেন ঝিনাইদহের ভুটিয়ারগাতি এলাকার শাহিনুর রহমান। ১৫ দিন ধরে কখনো নাটোয়াপাড়া আবার কখনো মশাখালীর সীমানায় খননযন্ত্র বসিয়ে বালু তুলছেন তিনি। এই বালু নদীর অন্য প্রান্তে নাটোপাড়া প্রাথমিক বিদ্যালয়ের সামনে স্তূপ করে রাখা হচ্ছে।
খননযন্ত্রের শ্রমিক মকবুল হোসেন জানান, শাহিনুর রহমান তাঁদের বালু তোলার দায়িত্ব দিয়েছেন। উত্তোলন করা বালু প্রতি ট্রাক এক হাজার ৮০০ থেকে দুই হাজার টাকায় বিক্রি হবে। ইতিমধ্যে প্রায় ৪০ থেকে ৪৫ ট্রাক বালু তুলেছেন শ্রমিকেরা। নদীর দুই পারে কৃষিজমি আছে, এমন অনেকে নাম প্রকাশ না করার শর্তে জানান, যে স্থান থেকে বালু তোলা হচ্ছে, সেখানে নদীর দুই পারের বেশির ভাগ জমি নাটোয়াপাড়া গ্রামের কৃষকদের। তাঁরা আশঙ্কা করছেন, নদী থেকে বালু তোলায় তাঁদের জমি নদীতে ধসে পড়বে।
শাহিনুর রহমান দাবি করেন, বালু তোলায় কোনো ক্ষতি হচ্ছে না। ঠিকাদারেরা বালু না পেলে রাস্তার কাজ করতে পারবেন না। যে কারণে তিনি নদীর মাঝ থেকে বালু তুলছেন; পাড় থেকে তুলছেন না। মাগুরার শালিখা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুন নাহার জানান, ইতিপূর্বে একবার বালু তোলা শুরু হলে তাঁদের নিষেধ করার পর বালু তোলা বন্ধ ছিল। তিনি সরেজমিনে দেখবেন। আবার বালু তোলা শুরু হয়ে থাকলে আইনি ব্যবস্থা নেবেন।