নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শেরপুরের সুঘাট ইউনিয়নের মেসকান্দি গ্রাম এলাকায় বাঙালী নদী থেকে অবৈধভাবে বালু তোলা হচ্ছে। স্থানীয় দুই ব্যক্তি শ্যালো ইঞ্জিনচালিত যন্ত্র বসিয়ে বালু তুলছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এতে নদীর তীরের ফসলি জমি বিলীন হয়ে যাওয়ার আশঙ্কা করছেন এলাকাবাসী।স্থানীয় লোকজন অভিযোগ করেন, দুই বছর ধরে উপজেলার মহিপুর গ্রামের নজরুল ইসলাম ও কল্যাণী গ্রামের সোলায়মান আলী বাঙালী নদী থেকে বালু তুলছেন। পুলিশ এলাকায় এসে অভিযান চালালে তাঁরা বালু তোলা বন্ধ রাখেন। আবার পুলিশ যখন চলে যায়, তখন তাঁরা বালু তোলা শুরু করেন। তাঁরা অবৈধভাবে বালু তোলার কথা স্বীকারও করেছেন।উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় সূত্রে জানা গেছে, সুঘাট ইউনিয়নের যে স্থান থেকে বালু তোলা হচ্ছে, তা সরকারি তালিকায় বালুমহাল হিসেবে তালিকাভুক্ত নয়। সুঘাট ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুল্লাহ আল মামুন বলেন, চার বছর ধরে কিছু ব্যক্তি বালু তুলছেন। উপজেলা প্রশাসনের সঙ্গে এ বিষয় নিয়ে একাধিকবার আলোচনা করেও কোনো উপকার হয়নি।স্থানীয় মোসলেম উদ্দিন জানান, এভাবে যন্ত্র দিয়ে বালু তোলা অব্যাহত থাকলে নদীর পাশে তাঁদের আবাদি জমি রক্ষা করা যাবে না। শেরপুর থানার উপপরিদর্শক (এসআই) আবু জাররা জানান, অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে মেসকান্দি গ্রামে শিগগিরই অভিযান চালানো হবে। ইউএনও মাহমুদুল আলম জানান, নদী থেকে যাঁরা অবৈধভাবে বালু তুলবেন, তাঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।