নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন
বগুড়ার ধুনটে বাঙ্গালী নদী থেকে শ্রমিক লীগের এক নেতা যন্ত্র দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করছেন বলে অভিযোগ পাওয়া গেছে।সরেজমিনে ঘুরে ও খোঁজ নিয়ে যানা যায়, উপজেলার এলাঙ্গী ইউনিয়নের রাঙ্গামাটি গ্রামের পাশ দিয়ে প্রবাহিত বাঙ্গালী নদী থেকে এলাঙ্গী ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি মাসুদ রানা বালু উত্তোলন করে বিক্রি করছেন। গত জানুয়ারিতে এই নেতাসহ কয়েক জন ব্যবসায়ী নদী থেকে বালু উত্তোলনের বিষয়ে প্রথম আলোয় একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এরপর বালু উত্তোলন কিছুদিন বন্ধ ছিল। এ বছর বর্ষার পর থেকে আবারও ওই নেতা বালু উত্তোলন শুরু করেন। এ বিষয়ে এলাকাবাসীর পক্ষ থেকে প্রশাসনের কাছে মৌখিক অভিযোগ করা হয়েছে।স্থানীয় লোকজন জানায়, বালু উত্তোলনের কারণে গ্রামবাসী নদীভাঙনের শিকার হয়ে আবাদি জমি ও বসতভিটা হারাচ্ছে। প্রশাসনও এ বিষয়ে কোনো ব্যবস্থা নিচ্ছে না।বালু উত্তোলনকারী মাসুদ রানা বলেন, ‘দল করতে এসে কিছুই পাইনি। নিজের বাড়ি তৈরির জন্য বালু উত্তোলন করছি। এর মধ্য থেকে কিছু বালু বিক্রি করেছি।’ তিনি দাবি করেন, যেখান থেকে বালু তোলা হচ্ছে সে স্থান ধুনটের নয়, শেরপুর উপজেলার বিলনোথার মৌজার মধ্যে পড়েছে।এলাঙ্গী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও পরিষদের চেয়ারম্যান এম এ তারেক হেলাল জানান, খোঁজ নিয়ে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে। ইউএনও ফিরোজ শাহ জানান, বিষয়টি তদন্ত করে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে এখনই ব্যবস্থা নেওয়া হবে।