নদী থেকে অবৈধভাবে বালু তুলছেন ইউপি চেয়ারম্যান
কুমিল্লার হোমনা উপজেলার চান্দেরচর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. আবুল বাশার তিতাস নদ থেকে অবৈধভাবে বালু তুলে জমি ভরাট করছেন।
উপজেলা এলজিইডি কার্যালয় থেকে জানায়, চান্দেরচর ইউনিয়ন পরিষদের নতুন ভবন নির্মাণের কার্যাদেশ দেওয়া হয় চলতি বছরের ২৯ আগস্ট। প্রায় ৯১ লাখ টাকা ব্যয়ে কাজটি পায় মেসার্স আর আর কনস্ট্রাকশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। জমি নিচু হওয়ায় নির্মাণকাজ শুরু হয়নি। তাই জমি ভরাট করতে উপজেলা পরিষদ থেকে সাড়ে তিন লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। ওই টাকা দিয়ে বালু কিনে জমি ভরাট করার কথা।
সম্প্রতি সরেজমিনে দেখা যায়, ইউনিয়ন পরিষদের পুরোনো ভবনের উত্তর পাশে নতুন ভবনের জমি তিতাস নদ থেকে শ্যালো ইঞ্জিনচালিত যন্ত্র দিয়ে বালু তুলে ভরাট করছেন কয়েকজন শ্রমিক।
উপজেলার শোভারামপুর গ্রামের শ্রমিক সিরাজুল ইসলাম বলেন, ‘চেয়ারম্যান বাশার সাহেবের কথায় ২০-২২ দিন থেকে মেশিন দিয়া নদী থেইক্কা বালু তুলতাছি। অন্তত আরও এক মাস বালু তুলতে হইব।’
চান্দেরচর ইউনিয়নের সহকারী ভূমি কর্মকর্তা খলিলুর রহমান বলেন, ‘বালু উত্তোলনের বিষয়ে চেয়ারম্যান ভালো বলতে পারবেন। আর নদী থেকে বালু তোলার অনুমতির বিষয়ে আমার জানা নেই।’
ইউপি চেয়ারম্যান আবুল বাশার বলেন, ‘নদীও সরকারি, ইউনিয়ন পরিষদও সরকারি। তাই নদী থেকে বালু তুইল্লা ইউনিয়ন পরিষদের জায়গা ভরাট করতাছি। তা ছাড়া ইউএনও, ইঞ্জিনিয়ার সার কয়েক দিন আগে আইসা নদী থেকে বালু ভরাটের বিষয়ে কইয়া গেছেন।’
উপজেলা প্রকৌশলী আবদুস সোবহান বলেন, ‘নির্মাণাধীন ইউনিয়ন কমপ্লেক্সের জায়গা নিচু হওয়ায় তা ভরাট করতে উপজেলা পরিষদ থেকে সাড়ে তিন লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে এবং বালু কিনে তা ভরাট করতে বলা হয়েছে।’
ইউএনও আবু সাফায়াৎ মুহম্মদ শাহেদুল ইসলাম বলেন, ‘তিতাস নদ থেকে বালু উত্তোলন করতে কাউকে অনুমতি দেওয়া হয়নি। অনুমতি নেওয়ার কথা কেউ বলে থাকলে তা একেবারেই মিথ্যা। চেয়ারম্যান বালু উত্তোলন করে থাকলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’