নদী থেকে অবৈধভাবে বালু তুলছেন যুবলীগ নেতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের নাজিরপুর উপজেলার মাটিভাঙ্গা এলাকায় তালতলা-মধুমতী নদীর মোহনা থেকে যুবলীগের এক নেতার নেতৃত্বে অবৈধভাবে বালু তোলা হচ্ছে। অবাধে বালু তোলার কারণে ওই এলাকায় নদীভাঙন শুরু হয়েছে। শিগগিরই বালু তোলা বন্ধ না করলে ছয়টি গ্রাম ও একটি মন্দির বিলীন হয়ে যাবে বলে আশঙ্কা করা হচ্ছে। প্রশাসনের কাছে অভিযোগ করার পরও কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না বলে জানিয়েছেন স্থানীয় লোকজন।
মাটিভাঙ্গা এলাকার বাসিন্দা মেহরাব জামান জানান, কয়েক বছর ধরে তালতলা-মধুমতী নদীর মোহনায় চর পড়েছে। প্রায় ছয় মাস ধরে ওই এলাকায় খননযন্ত্র বসিয়ে বালু তোলা হচ্ছে। মাটিভাঙ্গা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি বেদার আলী ফরাজী খননযন্ত্রটি ভাড়া এনে শ্রমিক দিয়ে বালু তুলছেন। স্থানীয় যুবলীগের কয়েকজন নেতা তাঁকে সহায়তা করছেন।
ওই স্থান থেকে প্রতিদিন প্রায় ১০ হাজার ঘনফুট বালু তুলে বিক্রি করা হচ্ছে। প্রতি ঘনফুট বালু চার টাকায় বিক্রি করা হচ্ছে। বালু তোলার কারণে চরটি প্রায় নিশ্চিহ্ন হয়ে গেছে। ১ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান জানান, বেদার আলী যে এলাকা থেকে বালু তুলছেন তার আশপাশে ২৫০ জেলে পরিবারসহ প্রায় তিন হাজার লোক বাস করে। মালিখালী বালিকা বিদ্যালয়ের শিক্ষক কৃষ্ণপদ বিশ্বাস জানান, বালু কাটার বিষয়ে তাঁরা প্রশাসনের কাছে অভিযোগ দিয়েছিলেন। কিন্তু প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি।
অতুলনগর সর্বজনীন মন্দির কমিটির সভাপতি নিখিল বিশ্বাস জানান, বালু তোলার কারণে মাটিভাঙ্গা ইউনিয়নের অতুল নগর, মালিখালী, চাপাখালী, সাচিয়া, বইবুনিয়া ও লড়া গ্রাম মন্দির ভাঙনের হুমকিতে রয়েছে। ইতিমধ্যে অতুলনগর এলাকার একটি পরিবারের বসতভিটা ও গোয়ালঘর নদীতে বিলীন হয়ে গেছে। খননযন্ত্রের মালিক আলম কাজী জানান, তিনি বেদার আলী ফরাজীর কাছে যন্ত্রটি ভাড়া দিয়েছেন। বেদার আলী ফরাজী দাবি করেন, প্রশাসনের অনুমতি নিয়ে তিনি বালু তুলছেন।
গতকাল মঙ্গলবার সরেজমিনে দেখা গেছে, নদী থেকে বালু তুলে কার্গোতে ভরা হচ্ছে। সেখানে পাঁচ থেকে সাতজন শ্রমিক কাজ করছেন।
নাজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মৃণাল কান্তি দে জানান, বেদার আলীকে বালু তোলার অনুমতি দেওয়া হয়নি এবং তাঁর কাছে কোনো বৈধ কাগজপত্রও নেই। শিগগিরই তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।