নদী থেকে অবৈধভাবে বালু তুলছেন শ্রমিক লীগের নেতা
বগুড়ার ধুনট-শেরপুর সীমান্তবর্তী বাঙ্গালী নদীর ঝাঁঝর খেয়াঘাট এলাকা থেকে যন্ত্র দিয়ে অবৈধভাবে বালু তুলছেন এক শ্রমিক লীগের নেতা। এভাবে বালু উত্তোলন করায় ঝাঁঝর গ্রাম নদীভাঙনের হুমকির মুখে পড়েছে।সরেজমিনে জানা গেছে, বাঙ্গালী নদীর পশ্চিশ পাশে রয়েছে শেরপুর উপজেলার ঝাঁঝর ও পূর্ব পাশে রয়েছে বিলনোথার গ্রাম। এখানে একটি খেয়াঘাট রয়েছে। এ খেয়াঘাটের দুই পাশ থেকে দুটি শ্যালো মেশিন দিয়ে এলাঙ্গী ইউনিয়নের শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মাসুদ রানা প্রায় এক মাস ধরে বালু উত্তোলন করে বিক্রি করছেন। নাম প্রকাশ না করার শর্তে এলাকার কয়েকজন বাসিন্দা জানান, বাঙ্গালী নদীর ভাঙন ঠেকাতে দীর্ঘদিন ধরে তাঁরা দাবি জানিয়ে আসছিলেন। তাঁদের দাবির পরিপ্রেক্ষিতে দুই লাখ টাকা ব্যয়ে ১২টি বাঁশের স্পার নির্মাণ করা হয়েছে। কিন্তু মাসুদ রানা এই বাঁশের স্পারের কাছ থেকে বালু উত্তোলন করায় আগামী বর্ষায় আবারও নদীভাঙনের আশঙ্কা দেখা দিয়েছে। কিন্তু ভয়ে কেউ প্রতিবাদ করতে পারছে না।এ বিষয়ে এলাঙ্গী ইউনিয়নের শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মাসুদ রানা বলেন, ‘আমি ধুনট এলাকা থেকে বালু উত্তোলন করছি না। যেখান থেকে বালু উত্তোলন করা হচ্ছে, সেই জায়গা শেরপুর উপজেলার মধ্যে। আমি একা বালু উত্তোলন করছি না। আমার সঙ্গে সোনা মিয়া নামের আরেক ব্যক্তিও রয়েছেন। এ ছাড়া আমার বিরুদ্ধে কেউ অভিযোগও করছে না। এভাবে বালু উত্তোলন করলে নদী ভাঙবে না এবং এই গ্রামের কোনো ক্ষতি হবে না।’ধুনটের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আতাউল গনি জানান, ঝাঁঝর ও বিলনোথার গ্রাম তাঁর উপজেলার মধ্যে নয়। তাই এ বিষয়ে তিনি কোনো পদক্ষেপ নিতে পারছেন না।শেরপুরের ইউএনও মুনজুর আলম প্রধান জানান, বিষয়টি তাঁর জানা নেই, খোঁজ নিয়ে ব্যবস্থা গ্রহণ করবেন।