নদী থেকে অবৈধভাবে বালু তোলা হচ্ছে
বগুড়ার শেরপুরের সুঘাট ইউনিয়নের মেসকান্দি গ্রামে বাঙালী নদী থেকে অবৈধভাবে বালু তোলা হচ্ছে। স্থানীয় দুই ব্যক্তি শ্যালো ইঞ্জিনচালিত যন্ত্র বসিয়ে বালু তুলছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এতে নদীর তীরের ফসলি জমি বিলীন হয়ে যাওয়ার আশঙ্কা করছেন এলাকাবাসী।স্থানীয় লোকজন অভিযোগ করেন, দুই বছর ধরে উপজেলার মহিপুর গ্রামের নজরুল ইসলাম ও কল্যাণী গ্রামের সোলায়মান আলী বাঙালী নদী থেকে বালু তুলছেন। পুলিশ এলাকায় এসে অভিযান চালালে তাঁরা বালু তোলা বন্ধ রাখেন। আবার পুলিশ যখন চলে যায়, তখন তাঁরা বালু তোলা শুরু করেন। তাঁরা অবৈধভাবে বালু তোলার কথা স্বীকারও করেছেন।মেসকান্দি গ্রামের সুফিয়া খাতুন বলেন, ‘পুলিশ আইলে মেশিন দিয়া বালু তুলা (তোলা) বন্ধ হয়। চইলে গেলে আবার শুরু কইরা দেয়। গেরামের লোকজন বাধা দিলে কুদাল দিয়া মারব্যার ধেইয়া আসে। হেই কুথা পুলিশ ছারগো বলিছি। কুনোই উপুকার পাইনি। তাই আর কিছু বইলা বিপদে পড়তে পারমু না। যা দিখার দেইখা যান। যত খুশি ছবি তুইলা নেন।’সম্প্রতি সরেজমিনে দেখা গেছে, মেসকান্দি গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া বাঙালী নদীর দুটি স্থানে বালু তোলার জন্য শ্যালো ইঞ্জিনচালিত দুটি যন্ত্র বসানো হয়েছে। শ্রমিকেরা বালু তুলে নদীর তীরে রাখছেন।উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় সূত্রে জানা গেছে, সুঘাট ইউনিয়নের যে স্থান থেকে বালু তোলা হচ্ছে, তা সরকারি তালিকায় বালুমহাল হিসেবে তালিকাভুক্ত নয়। সুঘাট ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুল্লাহ আল মামুন বলেন, দীর্ঘ চার বছর ধরে কিছু ব্যক্তি বালু তুলছেন। উপজেলা প্রশাসনের সঙ্গে এ বিষয় নিয়ে একাধিকবার আলোচনা করেও কোনো উপকার হয়নি।মেসকান্দি গ্রামের গৃহবধূ জমিলা খাতুন জানান, বালু তোলায় নদীর বিভিন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। মায়েদের অজান্তে গ্রামের শিশুরা নদীর ধারে খেলতে এসে অনেক সময় গর্তে পড়ে যায়। সন্তানদের নিয়ে গ্রামের লোকজন এখন আতঙ্কে আছে।স্থানীয় মোসলেম উদ্দিন জানান, এভাবে যন্ত্র দিয়ে বালু তোলা অব্যাহত থাকলে নদীর পাশে তাঁদের আবাদি জমি রক্ষা করা যাবে না। স্থানীয় একাধিক কৃষক অবৈধভাবে বালু তোলা বন্ধের দাবি জানান।শেরপুর থানার উপপরিদর্শক (এসআই) আবু জাররা জানান, অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে মেসকান্দি গ্রামে শিগগিরই অভিযান চালানো হবে। ইউএনও মাহমুদুল আলম জানান, নদী থেকে যাঁরা অবৈধভাবে বালু তুলবেন, তাঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।