নদী থেকে অবৈধভাবে বালু তোলায় হুমকিতে সড়ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর সৈয়দপুরের জানেরপাড় গ্রাম এলাকায় খড়খড়িয়া নদীতে ড্রেজার বসিয়ে অবৈধভাবে বালু তোলা হচ্ছে। এতে ওই নদীর গতিপথ পরিবর্তন হয়ে আশপাশের গ্রাম ও রাস্তাঘাট হুমকির মুখে পড়েছে। ওই গ্রামের লোকজন গত শুক্রবার স্থানীয় বোতলাগাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছে বালু তোলা বন্ধের দাবি জানিয়েছে। তারা ওই দিন এ দাবিতে ইউপি কার্যালয় ঘেরাও করে স্মারকলিপিও দিয়েছে।জানেরপাড় গ্রামের খলিলুর রহমান বলেন, খড়খড়িয়া নদীতে ড্রেজার বসিয়ে স্থানীয় খালেকুজ্জামানের লোকেরা অব্যাহতভাবে বালু তুলে তা বিভিন্ন ঠিকাদারি প্রতিষ্ঠানের কাছে বিক্রি করছেন। খালেকুজ্জামান কিছুদিন আগেও চট্টগ্রামে একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করতেন। দুই মাস আগে তিনি গ্রামে ফিরে বালুর ব্যবসা শুরু করেন। একই গ্রামের তমিজ উদ্দিন বলেন, ‘নদী থেকে বালু তোলায় এর গতিপথ পরিবর্তন হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এতে আমরা উদ্বিগ্ন। কারণ যেকোনো মুহূর্তে নদী আমাদের বাড়িঘর গ্রাস করতে পারে। একই কারণে নদীপাড়ের পাকা সড়কটি বিধ্বস্ত হতে পারে। এ বিষয়ে ইতিমধ্যেই আমরা সহকারী কমিশনার (ভূমি) শফিকুল ইসলামের কাছে লিখিত অভিযোগ করেছি। তিনি সরেজমিন পরিদর্শন করে বালু তোলার বিষয়ে নিষেধাজ্ঞা জারি করেন। ওই নির্দেশ অমান্য করে বালু তোলা হচ্ছে।’গত শুক্রবার সকালে সরেজমিনে জানেরপাড় গ্রামে গেলে নদী থেকে বালু তোলার দৃশ্য চোখে পড়ে। এ সময় কথা হয় খালেকুজ্জামানের সঙ্গে। তিনি বলেন, ‘নদীটা আমাদের পৈতৃক জমির ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তাই নদী থেকে বালু তুলতে কারও অনুমতি নেওয়ার প্রয়োজন নেই।’সহকারী কমিশনার (ভূমি) শফিকুল ইসলাম বলেন, ‘জানেরপাড়ের মানুষ অবৈধভাবে বালু উত্তোলনের কথা আমাকে লিখিতভাবে জানিয়েছে। আমি বালু তুলতে নিষেধ করেছি। ওই নিষেধাজ্ঞা অমান্য করা হলে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হবে।’ তিনি জানান, ‘নদীর মধ্যে কারও জমি চলে গেলে তা সরকারি হয়ে যায়। সে ক্ষেত্রে ব্যক্তিমালিকানাধীন জমি দাবি করে নদীর মধ্য থেকে বালু তোলা যায় না।’বোতলাগাড়ী ইউপির চেয়ারম্যান ছাইদুর রহমান সরকার জানান, নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করায় এলাকার রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হচ্ছে। অথচ ওই এলাকার ভাঙনপ্রবণ খড়খড়িয়া নদীর পাড়ে বাঁধ করতে তাঁদের প্রতিবছর বিপুল পরিমাণ অর্থ ব্যয় হচ্ছে। তিনি আরও জানান, বালু তোলার কারণে নদীর গতিপথ পরিবর্তন হয়ে আশপাশের গ্রাম বিলীন হয়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে।পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সৈয়দপুর বিভাগের নির্বাহী প্রকৌশলী আবদুর রাজ্জাক বলেন, নদী থেকে বালু তোলার বিষয়টি তাঁদের জানা নেই। তদন্ত করে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।