নদী থেকে অবৈধভাবে মাটি তুলে পুকুর 'হত্যা'
মানিকগঞ্জের হরিরামপুরে ইছামতী নদী থেকে ড্রেজার বসিয়ে অবৈধভাবে তোলা হচ্ছে বালুমাটি। এসব মাটি জনবহুল এলাকার একটি পুকুর ভরাটের কাজে ব্যবহার করা হচ্ছে। এভাবে বালু তোলার কারণে নদীর তীরের স্থাপনা ও দুটি সেতু হুমকিতে পড়ার আশঙ্কা করা হচ্ছে।
স্থানীয় যুবলীগের এক নেতাসহ কয়েকজন মাটি তুলে হরিরামপুর উপজেলা চেয়ারম্যান দেওয়ান সাইদুর রহমানের পুকুর ভরাট করছেন। উপজেলা চেয়ারম্যানের সহযোগিতায় নদী থেকে অবৈধভাবে এসব মাটি তোলা হচ্ছে বলে অভিযোগ উঠেছে।
মানিকগঞ্জ পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক (ভারপ্রাপ্ত) শেখ মোহাম্মদ নাজমুল হুদা জানান, জনবহুল এলাকায় পুকুর-জলাশয় ভরাট নিষিদ্ধ। নিজস্ব পুকুর হলেও স্থানীয় প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র প্রয়োজন। ওই পুকুর ভরাটের বিষয়ে তাঁদের কিছুই জানানো হয়নি।
এলাকাবাসীর অনেকে জানান, এভাবে নদী থেকে মাটি তোলার কারণে বর্ষা মৌসুমে নদীর পাড় ভাঙার আশঙ্কা করছেন। এতে নদী তীরে বসতভিটা এবং দুটি সেতুসহ স্থানীয় ঝিটকাবাজারের আধা পাকা-পাকা বিভিন্ন স্থাপনা হুমকির মধ্যে পড়ার আশঙ্কা করা হচ্ছে।
শুক্রবার সরেজমিনে দেখা যায়, ইছামতী নদীর ঝিটকাবাজারের পাশে একটি ড্রেজার বসানো হয়েছে। সেখান থেকে পাইপের মাধ্যমে সেই মাটি বেশ দূরে জনবহুল এলাকায় একটি পুকুরে ফেলা হচ্ছে। কাজে নিয়োজিত রয়েছেন চারজন শ্রমিক। মাটি তোলায় দুই দিনেই নদীর পশ্চিম পাড়ে বিশাল গর্তের সৃষ্টি হয়েছে।
কথা হয় মাটি তোলার কাজে নিয়োজিত মুন্সিগঞ্জের বাসিন্দা ও ড্রেজার মালিক ইসমাইল হোসেনের সঙ্গে। তিনি জানালেন, স্থানীয় গোপীনাথপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ফরিদ হোসেন উপজেলা চেয়ারম্যানের পুকুর ভরাট করতে তাঁর ড্রেজার ভাড়া নিয়েছেন। এর সঙ্গে মাটি-ব্যবসায়ী মো. হানিফ, মঞ্জুর রহমান ও মাহিদুল ইসলাম সম্পৃক্ত রয়েছেন।
ফরিদ হোসেন বলেন, নদী শুকিয়ে মরে গেছে। শুষ্ক মৌসুমে পানি থাকে না বলেই এখানে ড্রেজার বসিয়ে মাটি তুলে পানির ব্যবস্থা করা হচ্ছে। এতে আশপাশের লোকজন উপকৃত হবেন। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘উপজেলা চেয়ারম্যানের পুকুর ভরাট করা হচ্ছে। প্রশাসনের অনুমতির প্রয়োজন আছে কি?’
উপজেলা চেয়ারম্যান বলেন, ‘পুকুরটি আমার নয়, আমার লোকজনের। বছরের অধিকাংশ সময় নদীতে পানি থাকে না। বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে পানির প্রয়োজন হবে। এ কারণেই জনস্বার্থে ওখান থেকে বালুমাটি তোলা হচ্ছে।’
তবে স্থানীয় গালা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শফিক বিশ্বাস জানান, পুকুরটি উপজেলা চেয়ারম্যানেরই। তিনি সুবিধা নিচ্ছেন বলেই নদী থেকে মাটি তোলা হচ্ছে। হরিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মামুন মিয়া বলেন, ‘বেশ কয়েক দিন ধরে আমি অসুস্থ। বিষয়টি আমার জানা নেই।’
জেলা প্রশাসক মো. মাসুদ করিম বলেন, জেলা প্রশাসন থেকে নদীর ওই অংশ থেকে মাটি তুলতে কাউকে অনুমতি দেওয়া হয়নি। তা ছাড়া পুকুর ভরাটেও অনুমতি দেওয়া হয়নি। খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।