নদী থেকে উদ্ধার লাশের পরিচয় মিলেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের কর্ণফুলী নদীর মাঝিরঘাট নারকেলতলা থেকে উদ্ধার করা লাশের পরিচয় মিলেছে।
ওই ব্যক্তির নাম মিশন বিশ্বাস। তিনি নগরের হাজী মুহম্মদ মুহসীন কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন। ৮ জানুয়ারি বাসা থেকে বের হয়ে আর ফেরেননি মিশন।
নগরের কোতোয়ালি থানার এসআই জহির হোসেন প্রথম আলোকে জানান, নিখোঁজ হওয়ার পর মিশনের বাবা রতন বিশ্বাস কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। অনেক খোঁজাখুঁজি করেও তাঁকে পাওয়া যায়নি। গত রোববার বিকেলে নগরের সদরঘাট থানার কর্ণফুলী নদীর নারকেলতলা এলাকা থেকে একটি লাশ উদ্ধার করা হয়। পরে রাতে মিশনের পরিবার লাশটি শনাক্ত করে। এ ঘটনায় মিশনের বাবা হত্যা মামলা করেছেন। পুলিশ জানায়, লাশটি পচে যাওয়ায় সুরতহাল প্রতিবেদনে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ সম্পর্কে জানা যাবে।
মিশনের পরিবারের দাবি, মিশনকে বাসা থেকে ফোনে ডেকে নিয়ে নদীতে ফেলে হত্যা করা হয়েছে। মামলায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করা হয়েছে।