সন্ধ্যা নদীতে ট্রলারডুবি : নৌযানের মালিক ও চালকের বিরুদ্ধে মামলা
নদী থেকে উদ্ধার হলো আরও তিন লাশ
বরিশালের বানারীপাড়া উপজেলার সন্ধ্যা নদীতে ট্রলারডুবির ঘটনায় গতকাল শুক্রবার সকালে আরও তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে এই দুর্ঘটনায় গত তিন দিনে মোট ২৭ জনের লাশ উদ্ধার করা হলো। পুলিশ বলেছে, ওই দুর্ঘটনায় কয়েকজন নিখোঁজ রয়েছে।
ঐশী প্লাস নামের ওই নৌযানডুবির ঘটনায় নৌযানটির মালিক ও চালকের বিরুদ্ধে গত বৃহস্পতিবার রাতে বানারীপাড়া থানায় মামলা হয়েছে।
গত বুধবার বেলা সাড়ে ১১টার দিকে ওই নৌযান ডুবে যায়। ট্রলারডুবির পর ওই দিন ১৪, বৃহস্পতিবার ডুবে যাওয়া ট্রলার উদ্ধারের পর এর ভেতর থেকে ৪ ও রাতে নদীতে ভাসমান অবস্থায় ৬টি লাশ পাওয়া যায়। গতকাল পাওয়া গেল আরও ৩টি।
বানারীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল আহসান প্রথম আলোকে বলেন, গতকাল সকাল আটটার দিকে সন্ধ্যা নদীতে ভাসমান অবস্থায় দুই নারী ও এক শিশুর লাশ উদ্ধার করা হয়। এ নিয়ে এ কয়দিনে ২৭টি লাশ উদ্ধার করা হলো। সব লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এখনো নিখোঁজ আছে কয়েকজন।
গতকাল সকালে উদ্ধার করা হয় উজিরপুর উপজেলার কেশবকাঠির মো. জিদান (৮), স্বরূপকাঠি উপজেলার ইন্দেরহাট নেছারাবাদের আল্পনা রানী (২৫) ও বানারীপাড়া উপজেলার পশ্চিম জিরাকাঠির মনোয়ারা বেগমের (৩৫) লাশ। এর আগে বৃহস্পতিবার রাতে উদ্ধার করা হয় সৈয়দকাঠি ইউনিয়নের সাতবাড়িয়া গ্রামের মো. মজিদ (৬৫), মো. রুহুল আমীন (৩০), মাফিয়া (৩) ও জিরাকাঠি গ্রামের খুকুমনি (২৫), উজিরপুর উপজেলার ওটরা ইউনিয়নের হামিদা বেগম (৪০) এবং বানারীপাড়ার মহিষাকোটা গ্রামের বেল্লাল হোসেনের (৩০) লাশ।
খালা শিউলি বেগমের অসুস্থতার কথা শুনে তাঁকে দেখতে ১০ বছরের ছেলে দিদারকে নিয়ে উজিরপুর থেকে বানারীপাড়া এসেছিলেন হামিদা বেগম। খালাকে দেখে ছেলেকে নিয়ে ওই ট্রলারে করে ফিরছিলেন উজিরপুরে। বৃহস্পতিবার রাতে হামিদার লাশ উদ্ধার হলেও দিদার এখনো নিখোঁজ।
বুধবার বেলা ১১টার দিকে ঐশী প্লাস নামের নৌযানটি অর্ধশত যাত্রী নিয়ে বানারীপাড়া থেকে উজিরপুরের হাড়তায় যাচ্ছিল। বেলা সাড়ে ১১টার দিকে যাত্রী নামাতে দাসেরহাট ঘাটে যাওয়ার সময় নদীর পাড় ভেঙে তীরের কাছাকাছি ডুবে যায় ট্রলারটি। ট্রলারটির কয়েকজন সাঁতরে তীরে উঠতে সক্ষম হয়।
২১ ঘণ্টা পর বৃহস্পতিবার সকাল সাড়ে আটটার দিকে ট্রলারটি উদ্ধার করে বিআইডব্লিউটিএর উদ্ধারকারী জাহাজ ‘নির্ভীক’। ওই দিন সকাল সাড়ে নয়টায় আনুষ্ঠানিকভাবে উদ্ধার অভিযান সমাপ্ত করে জেলা প্রশাসন। অভিযানের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণার পর ২৪ ঘণ্টায় নদী থেকে ৯টি লাশ উদ্ধার হলো।
মালিক ও চালকের বিরুদ্ধে মামলা: ট্রলারডুবির ঘটনায় এর মালিক ও চালকের বিরুদ্ধে বৃহস্পতিবার রাতে বানারীপাড়া থানা-পুলিশ মামলা করেছে। মো. জসিমউদ্দিন নামের এক পুলিশ সদস্য মামলাটি করেন।
মামলায় ঐশী প্লাসের মালিক ইউসুফ হাওলাদার ও চালক নয়ন মিয়াকে আসামি করা হয়। বানারীপাড়া থানার ওসি প্রথম আলোকে বলেন, এজাহারে আসামিদের বিরুদ্ধে অবৈধ নৌযান পরিচালনা এবং যাত্রী নিয়ে তাচ্ছিল্যের অভিযোগ আনা হয়েছে। অভিযুক্ত ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান শুরু করেছে পুলিশ।
এদিকে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) বরিশালের নৌ-নিরাপত্তা ও ট্রাফিক বিভাগের উপপরিচালক ও বন্দর কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান প্রথম আলোকে বলেন, শনিবার (আজ) মেরিন আদালতে ওই ঘটনায় মামলা করা হবে।