নদী থেকে দুই বোনসহ চারজনের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাট সদরে তিস্তা নদীতে ডুবে নিখোঁজের ১৩ দিন পর কলেজছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিখোঁজের এক দিন পর ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীর নাগর নদ থেকে দুই বোনের লাশ এবং রংপুরের বদরগঞ্জে চিকলী নদী থেকে এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে।
লালমনিরহাটে উদ্ধার করা লাশটি তৌহিদুল ইসলামের (১৬)। সে জেলা শহরের তালুক খুটামারা গ্রামের শওকত আলী শিকদারের ছেলে। সে লালমনিরহাট সরকারি কলেজে একাদশ শ্রেণিতে পড়ত। বালিয়াডাঙ্গীর দুই বোন হলো নসিমন আক্তার (১২) ও মাহফুজা আক্তার (৮)। তারা বড় চড়ইগাথী গ্রামের তাহের আলীর মেয়ে। বদরগঞ্জে উদ্ধার করা লাশটি নূর হাসানের (৫)। সে আমরুলবাড়ি জেলেপাড়া গ্রামের মোকছেদুল হকের ছেলে।
লালমনিরহাট থানার পুলিশ সূত্রে জানা যায়, গত ২১ জুলাই মুঠোফোনে বন্ধুদের ডাকে তৌহিদুল বাড়ি থেকে বেরিয়ে যায়। রাতে তার মুঠোফোন বন্ধ পাওয়া যায়। পরে জানা যায়, টেপারহাট বাজারের দক্ষিণে তিস্তা নদীতে ছয়জন নামলে একটি ছেলে ডুবে যায়। তৌহিদুলের বন্ধুদের জিজ্ঞেস করলে তারা এর সদুত্তর দিতে পারেনি। অবশেষে গতকাল বৃহস্পতিবার সকালে রাজপুরের জগৎবেড় গ্রামে তিস্তা নদীতে তার লাশ পাওয়া যায়।
তৌহিদুলের খালু ফেরদৌস জামান বলেন, তৌহিদুল যাদের সঙ্গে সেদিন তিস্তা নদীতে গিয়েছিল, তাদের বিরুদ্ধে হত্যা মামলা করা হবে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, নিখোঁজের ঘটনায় আগেই সাধারণ ডায়েরি (জিডি) হয়েছিল। এখন লাশের ময়নাতদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
বালিয়াডাঙ্গী থানার পুলিশ ও স্থানীয় বাসিন্দা সূত্রে জানা যায়, বুধবার নসিমন ও মাহফুজা নাগর নদের চরে গরু চরাতে যায়। বেলা দুইটার দিকে তারা গরুর লেজ ধরে নদ পার হওয়ার চেষ্টা করলে স্রোতে মাহফুজা তলিয়ে যায়। তাকে বাঁচাতে গিয়ে নসিমনও তলিয়ে যায়। এরপর স্থানীয় লোকজন নদে তল্লাশি চালান। কিন্তু সেদিন তাদের পাওয়া যায়নি। গতকাল বেলা সাড়ে ১১টার দিকে নদের পানিতে মাহফুজার লাশ ভেসে ওঠে। বেলা দুইটার দিকে নসিমনের লাশও পাওয়া যায়।
বালিয়াডাঙ্গী থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
বদরগঞ্জ থানার পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বুধবার দুপুর ১২টার দিকে নূর হাসান অন্য শিশুদের সঙ্গে বাড়ির পাশের চিকলী নদীতে গোসল করতে গিয়ে ডুবে যায়। পরে খুঁজেও তাকে পাওয়া যায়নি। গতকাল দুপুরের পর যমুনেশ্বরী নদীর নাগেরহাট এলাকায় লাশটি পাওয়া যায়।
থানার ওসি আকতারুজ্জামান প্রধান বিষয়টি নিশ্চিত করেছেন।
[প্রতিবেদনটি তৈরিতে তথ্য দিয়েছেন লালমনিরহাট, ঠাকুরগাঁও ও বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি]