নদী থেকে দুই যুবকের লাশ উদ্ধার
মুন্সিগঞ্জ সদর উপজেলায় ধলেশ্বরী নদী থেকে গতকাল রোববার বিকেলে হাত-পা ও চোখ বাঁধা অবস্থায় অজ্ঞাতনামা এক যুবকের (৩৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। এর আগে সকালে ঢাকার বুড়িগঙ্গা নদীর পোস্তগোলা এলাকা থেকে অজ্ঞাতনামা আরও এক যুবকের (২৮) লাশ উদ্ধার করা হয়।
মুন্সিগঞ্জ সদর থানার পুলিশ জানায়, সদর উপজেলার লঞ্চঘাটের কাছে মোল্লাপাড়া এলাকায় ধলেশ্বরী নদীতে দুই হাত-পা ও চোখ বাঁধা অবস্থায় একটি লাশ ভাসতে দেখে লোকজন পুলিশকে খবর দেয়।
সদর থানার ওসি শহিদুল ইসলাম জানান, অজ্ঞাতনামা মৃতদেহের সঙ্গে সিমেন্টের বস্তাজাতীয় ভারী বস্তু বাঁধা ছিল। মাথায় ও শরীরে ছিল জখমের চিহ্ন। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা তাঁকে হত্যার পর নদীতে ফেলে দেয়।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার পুলিশ জানায়, গতকাল সকাল ১০টার দিকে বুড়িগঙ্গা নদীর পোস্তগোলা এলাকায় এক যুবকের (২৮) মৃতদেহ ভাসতে দেখা যায়। খবর পেয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানার পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মর্গে পাঠায়।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি জামাল উদ্দিন মীর বলেন, উদ্ধার হওয়া যুবকের পরনে ছিল জিনেসর থ্রি কোয়ার্টার প্যান্ট ও মোজা।