নদী থেকে বাঁধ অপসারণ শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গার মাথাভাঙ্গা নদী থেকে অবৈধ বাঁধ অপসারণের কাজ শুরু হয়েছে। সদর উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য বিভাগের যৌথ উদ্যোগে গতকাল মঙ্গলবার সকালে এ অভিযান শুরু হয়। বিকেল পর্যন্ত শতাধিক কোমরবাঁধ অপসারণ করা হয়েছে। অভিযানে বাধা দেওয়ায় এক ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালত জরিমানা করেন।
সকাল সাতটা থেকে বিকেল পর্যন্ত চুয়াডাঙ্গা পৌর এলাকার তালতলা থেকে সদর উপজেলার বোয়ালমারী শ্মশানঘাট পর্যন্ত আটটি অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মৃণাল কান্তি দে। তাঁকে সহযোগিতা দেন সদর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা ফিরোজ আহমেদ। এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী আমিনুল ইসলাম, সহকারী মৎস্য কর্মকর্তা হামিদুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
১৮ মার্চ প্রথম আলোয় ‘মাথাভাঙ্গার গলার কাঁটা ১১ সাঁকো’ শীর্ষক প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদন প্রকাশের পর জেলা প্রশাসক সায়মা ইউনুস সব উপজেলা নির্বাহী কর্মকর্তাকে মৎস্য বিভাগের সঙ্গে যৌথভাবে অবৈধ বাঁধ উচ্ছেদে অভিযান চালাতে নির্দেশ দেন।
এরই পরিপ্রেক্ষিতে জেলা তথ্য অফিসের মাধ্যমে জেলাজুড়ে মাইকিং করা হয়। অবৈধ কোমরবাঁধ, জংলা, আড়াআড়ি বাঁধ ও সাঁকো নিজ নিজ দায়িত্বে সরিয়ে নিতে বলা হয়। অন্যথায় অপসারণসহ জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে বলেও হুঁশিয়ার করা হয়। হুঁশিয়ারির পর অনেকেই নিজ দায়িত্বে কোমরবাঁধ ও জংলা অপসারণ করেন। তবে নদীর গলার কাঁটা হিসেবে পরিচিত ১১টি সাঁকোর একটিও সরানো হয়নি। নাম প্রকাশে অনিচ্ছুক প্রশাসনের একজন কর্মকর্তা বলেন, একজন জনপ্রতিনিধির বিশেষ অনুরোধে সাঁকোগুলো সরিয়ে নিতে ৩১ মার্চ পর্যন্ত সুযোগ দেওয়া হয়েছে। এর মধ্যে সাঁকো সরিয়ে না নিলে তা অপসারণসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের জরিমানা করা হবে।
ইউএনও মৃণাল কান্তি দে বলেন, আটটি পয়েন্টে শতাধিক কোমরবাঁধ অপসারণ করা হয়েছে। অভিযানকালে পৌর এলাকার হাজরাহাটি গ্রামের আজমত আলীকে ী ভ্রাম্যমাণ আদালতে এক হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া একটি নৌকা ও বাঁধ তৈরির বাঁশ জব্দ করা হয়েছে।