বরিশাল সদর উপজেলার কীর্তনখোলা নদীর দক্ষিণ চর আইচা ও চর আবদানি মৌজায় বালু তোলা থেকে বিরত থাকতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। গতকাল মঙ্গলবার বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আশরাফুল কামালের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে রুলসহ এ আদেশ দেন।
বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) ১৪ নভেম্বর রিটটি করে। আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী ইকবাল কবির। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন।
রুলে দক্ষিণ চর কাউয়া মৌজায় (দাগ নম্বর-১৪৫৬ ও ১৪৬৫) ঘোষিত বালুমহাল কেন অবৈধ হবে না, তা জানতে চাওয়া হয়েছে। নদীটি থেকে অবৈধভাবে বালু তোলা রোধে ও নদী রক্ষায় কেন নির্দেশ দেওয়া হবে না রুলে তা জানতে চাওয়া হয়েছে। এ ছাড়া ভবিষ্যতে বালুমহালের কার্যক্রম শুরু হওয়ার আগে পরিবেশগত প্রভাব নিরূপণ ও ছাড়পত্র গ্রহণের কেন নির্দেশ দেওয়া হবে না রুলে তা-ও জানতে চাওয়া হয়। ভূমিসচিব, পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিব, পরিবেশসচিব, বরিশালের জেলা প্রশাসক, ইজারা গ্রহণকারীসহ ১২ বিবাদীকে চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।
আইনজীবী সূত্র জানায়, গত মে মাসে দক্ষিণ চর কাউয়া মৌজার দুটি দাগে ওই বালুমহাল ইজারা দেওয়া হয়। এরপর চর কাউয়া নদীভাঙন বাস্তুহারা কমিটির পক্ষে আইনি সহায়তা চেয়ে বেলার প্রতি চিঠি দেওয়া হয়। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ জুনে বরিশাল জেলা প্রশাসন বরাবরে একটি চিঠি পাঠায়। এতে বলা হয়, ওই বালুমহালটি সম্পূর্ণভাবে বন্দরসীমার অন্তর্ভুক্ত এবং আবদুর রব সেরনিয়াবাত (দপদপিয়া) সেতুটি ১ কিলোমিটার অভ্যন্তরে বলে ওই স্থানে বালুমহাল ইজারা দেওয়া বিধিসম্মত নয়। পরে নদী রক্ষায় বেলা রিটটি করে।