নদী থেকে বালু উত্তোলন ঝুঁকিতে গ্রামবাসী
বগুড়ার শেরপুর উপজেলার খামারকান্দি ইউনিয়নের ঝাঁজর গ্রামের মধ্য দিয়ে প্রবাহিত বাঙ্গালী নদী থেকে দিনরাতে শ্যালো মেশিন দিয়ে বালু তোলায় ভাঙনের ঝুঁকিতে রয়েছে গ্রামবাসী।স্থানীয় লোকজন সূত্রে জানা গেছে, ঝাঁজর গ্রামের মাঝখান দিয়ে প্রবাহিত বাঙ্গালী নদীর ভাঙন ঠেকাতে বগুড়া পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তত্ত্ব্বাবধানে ঠিকাদারের মাধ্যমে যে বাঁশের খাঁচা (স্পার) তৈরি করা হচ্ছে, তার মধ্যে নদী থেকে উত্তোলন করা ওই বালু প্লাস্টিকের বস্তায় ভরে ফেলা হচ্ছে। পাশাপাশি বালু বিক্রি করা হচ্ছে স্থানীয় লোকজনের কাছে। নদী থেকে বালু তুলছেন বগুড়ার ধুনট উপজেলার চান্দারপাড়া গ্রামের মো. নূরে আলম।গত সোমবার সরেজমিনে গিয়ে দেখা গেছে, নদীভাঙনকবলিত ঝাঁজর গ্রামের হালদারপাড়ার ঠিক মাঝখানে নদীর মধ্যে প্লাস্টিকের ড্রামের ওপর শ্যালো মেশিন বসিয়ে প্লাস্টিকের পাইপের মাধ্যমে বালু তোলা হচ্ছে। পাইপের সাহায্যেই ওই বালু নদীর পাড় থেকে বেশ কিছু দূরে ফেলা হচ্ছে।নদীপারের বাসিন্দা শিপন সরকার বলেন, ‘এমনি তো নদী ভাঙা থেকে বাড়িঘর রক্ষা করতে পারছি না। তার ওপর যদি বালু তুলা হয়, তাহলে বাড়িঘর রক্ষা করমু কীভাবে। বাড়ির লোকজন নিয়া কোথায় গিয়া দাঁড়ামু।’ গ্রামের আমজাদ হোসেন জানান, নূরে আলম বেশ কিছু দিন ধরে নদী থেকে বালু তুলছেন। তাঁর দেখাদেখি অন্য কেউ নদী থেকে বালু তোলা শুরু করলে ভাঙনকবলিত লোকজনের দুঃখকষ্ট শেষ হবে না। স্থানীয় বালু ব্যবসায়ী মো. আল আমিন জানান, শেরপুরে কোনো নদী থেকে বালু তোলার সরকারি অনুমোদন নেই। কেউ যদি বালু তুলে থাকে তাহলে তাঁরা নিজ ক্ষমতায় তুলে আসছেন।বালু উত্তোলনকারী নূরে আলম বলেন, ‘বাঙ্গালী নদী থেকে বালু তোলার আমার সরকারি অনুমোদন নেই। স্থানীয় লোকজনের মোটা বালুর চাহিদা মেটাতে এই বালু তুলছি। আমার উত্তোলন করা বালু নদীর মধ্যে বাঁশের খাঁচায়ও ব্যবহার হচ্ছে। তবে এই বালু তোলা নিয়ে সরকারি কোনো ব্যক্তি আমাকে নিষেধও করেনি।’বাঁশের খাঁচা তৈরির কাজ দেখভালকারী বগুড়া পাউবোর পরিচালনা ও রক্ষণাবেক্ষণ বিভাগের কার্যসহকারী মো. আকরাম হোসেন বলেন, ‘এই নদী থেকে বালু উত্তোলনে সরকারি কোনো অনুমোদন আছে কি না, তা আমার জানা নেই। তবে নদীর মধ্যে বাঁশের খাঁচা তৈরির কাজে ব্যবহারের জন্য ঠিকাদার নূরে আলমের কাছ থেকে বালু সংগ্রহ করছি।’উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনজুর আলম প্রধান বলেন, ‘ওই নদী থেকে বালু তোলার সরকারি কোনো অনুমতি নেই। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’