নদী থেকে বালু উত্তোলন রাস্তা-সেতু হুমকিতে
হবিগঞ্জের মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের সোনাই নদী থেকে অর্ধশতাধিক শ্যালোমেশিন দিয়ে বালু তোলায় নদীর পাড় ভেঙে গেছে এবং গ্রামীণ কাঁচা রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে। একই কারণে এলাকার একটি সেতু দেবে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।উপজেলার চৌমুহনী বালুমহালের অন্তর্গত মহব্বতপুর, মনোহরপুর, আশ্রবাপুর মঙ্গলপুর ও গাজীপুর মৌজায় দেখা গেছে, নদীর পাড়ে শ্যালোমেশিন বসিয়ে বালু তোলা হচ্ছে। অনুমতি না থাকলেও বালুমহালের ইজারাদারের লোকজন এভাবে বালু তুলছে। এসব বালু ট্রাক ও ট্রাক্টরে ভর্তি করে সোনাই নদীর পার দিয়ে বিভিন্ন স্থানে নেওয়া হয়। ভারী ট্রাক ও ট্রাক্টর চলাচলের কারণে চৌমুহনী-কমলানগর ও চৌমুহনী-চেঙ্গারবাজার পর্যন্ত কাঁচা রাস্তার বিভিন্ন স্থান দেবে গেছে। কোথাও কোথাও রাস্তায় গর্তের সৃষ্টি হয়েছে এবং রাস্তা ভেঙে গেছে। চৌমুহনী-কমলানগর ও চৌমুহনী-চেঙ্গারবাজারের কাঁচা রাস্তা দিয়ে বালুবাহী ট্রাক ও ট্রাক্টর চলাচল এবং অবৈধভাবে শ্যালোইঞ্জিন চালিত যন্ত্র দিয়ে বালু উত্তোলন বন্ধের দাবিতে ৭ জুন এলকাবাসী সমাবেশ করেছে। মাধবপুর নাগরিক সমাজের উদ্যোগে চৌমুহনী ঈদগাহ মাঠে এ সমাবেশ হয়। কমলানগর গ্রামের আক্কাস উদ্দিন, স্বপন মিয়াসহ কয়েকজন অভিযোগ করেন, বালু তোলার কারণে কমলানগর গ্রামের জামে মসজিদ এলাকার নদীর পাড়ের ১০ ফুট ভেঙে গেছে। ওই স্থান থেকে বালু তোলা বন্ধ না করলে জামে মসজিদ এলাকা নদীগর্ভে বিলীন হয়ে যাবে। এলাকাবাসী সূত্রে জানা গেছে, চৌমুহনী বাজারের কাছের একটি সেতুর মাত্র ১০০ ফুট দূর থেকে বালু তোলা হচ্ছিল। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ খবর পেয়ে ইজারাদারকে সেতুর ৫০০ ফুট দূর থেকে বালু তোলার নির্দেশ দিয়েছেন।মাধবপুর উপজেলা ভূমি কার্যালয় সূত্রে জানা গেছে, বাংলা ১৪১৬-১৪১৭ সালের জন্য ১৫ লাখ ৭৮ হাজার টাকায় চৌমুহনী বালুমহালটি ইজারা নেন মাধবপুরের তানিসা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী সাব্বির হাসান।ভূমি কার্যালয়ের কানুনগো সুশিল চাকমা বলেন, শ্যালোমেশিন দিয়ে বালু তোলার কোনো অনুমতি নেই। শ্রমিক দিয়ে বালু কেটে নদী থেকে বালু তুলতে হবে।তানিসা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী সাব্বির হাসান বলেন, ‘নদীতে পানি থাকায় শ্রমিক দিয়ে বালু তোলা যাচ্ছে না। এ জন্য শ্যালোমেশিন দিয়ে বালু তুলছি। এতে তেমন কোনো ক্ষতি হয়নি।’ ইউএনও মো. নজরুল ইসলাম বলেন, ‘ওই এলাকা আমি পরিদর্শন করেছি। শ্যালোমেশিনে বালু তোলার বৈধতা নেই।’