নদী থেকে বালু তোলায় ঝুঁকিতে সেতু

বগুড়ার ধুনট উপজেলায় বাঙ্গালী নদী থেকে অবৈধভাবে বালু তোলায় আট কোটি টাকার একটি সেতু ঝুঁকিতে রয়েছে। এভাবে বালু তুলছেন যুবলীগের স্থানীয় দুই কর্মী।
জানতে চাইলে যুবলীগের দুই কর্মীর একজন রবিউল ইসলাম বলেন, এলাকার লোকজনের প্রয়োজনেই নদী থেকে বালু উত্তোলন করা হচ্ছে। এই বালু দিয়ে বাড়ি বানানো ও ডোবা ভরাট করা হচ্ছে। বালু তোলার কারণে সেতুটির ক্ষতি হওয়ার কোনো আশঙ্কা নেই। এলাকার কিছু মানুষ শত্রুতা করে অভিযোগ দিচ্ছেন।
তবে শনিবার সকালে সরেজমিনে দেখা যায়, উপজেলার এলাঙ্গী ইউনিয়নের বিলচাপড়ি গ্রামের কাছে বাঙ্গালী নদীতে পাঁচটি ড্রেজার (খননযন্ত্র) বসানো হয়েছে। সেতুর উত্তর পাশে ২০০ মিটার দূরে একটি, ৪০০ মিটার দূরে আরও দুটি এবং সেতুর দক্ষিণ পাশে ২০০ মিটার দূরে দুটি যন্ত্র দিয়ে বালু তোলা হচ্ছে। এতে নদীর পূর্ব পাশে সেতুর ধারে ভাঙন দেখা দিয়েছে। ভাঙনের ফলে পাশের হাসাপটল ও রামনগর গ্রামের রাস্তার একাংশ নদীতে ধসে পড়েছে। এতে ওই সড়কে এখন রিকশা-ভ্যান চলারও উপায় নেই।
উপজেলা প্রকৌশলীর কার্যালয় ও স্থানীয় কয়েকজন বাসিন্দা সূত্রে জানা যায়, ২০০৯ সালে বিলচাপড়ি গ্রামের কাছে বাঙ্গালী নদীর ওপর ৮ কোটি ১৫ লাখ টাকা ব্যয়ে সেতু নির্মাণ করা হয়। নদীর মাঝে এই সেতুর ১৪টি পিলার রয়েছে। বিলচাপড়ি গ্রামের বাসিন্দা রবিউল ইসলাম ও রামনগর গ্রামের নজরুল ইসলাম এ নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছেন। তাঁরা দুজনই যুবলীগের কর্মী।
উপজেলা প্রকৌশলী শফিকুল ইসলাম বলেন, বাঙ্গালী নদী থেকে বালু উত্তোলন করায় ভাঙনের কবলে পড়ে ওই সেতু ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। এলাকাবাসী এ বিষয়ে তাঁর কাছে অভিযোগ দিয়েছেন। কিন্তু উত্তোলনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষমতা তাঁর নেই। তাই তিনি বিষয়টি ইউএনও ও থানা-পুলিশকে জানিয়েছেন।
ইউএনও মুহাম্মদ ইব্রাহীম বলেন, গত মাসের অভিযানকালে যন্ত্রচালিত চারটি ড্রেজার জব্দ করে থানায় রাখা হয়েছে। নতুন করে বালু উত্তোলনের বিষয়ে তাঁকে কেউ কিছু বলেননি।