নদী থেকে বালু তোলায় হুমকিতে তিন গ্রাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের রায়গঞ্জ পৌরসভার ধানগড়া প্রামাণিকপাড়া আশ্রয়ণ প্রকল্পের মাটি ভরাট কাজে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। শ্রমিক দিয়ে মাটি কাটার পরিবর্তে ড্রেজার দিয়ে ফুলঝোড় নদ থেকে বালু তুলে মাটি ভরাটের কাজ চলছে। এতে নদের তীরের তিনটি গ্রাম ভাঙনের হুমকিতে পড়েছে। গত ২৭ এপ্রিল ত্রাণ মন্ত্রণালয়সহ বিভিন্ন দপ্তরে পৌরসভার সাবেক কাউন্সিলর আবদুল মান্নানসহ এলাকাবাসীর পাঠানো লিখিত অভিযোগ থেকে এসব তথ্য জানা গেছে।লিখিত অভিযোগ এবং স্থানীয় সূত্রে জানা গেছে, ওই আশ্রয়ণ প্রকল্পে মাটি ভরাটের জন্য ত্রাণ মন্ত্রণালয় থেকে ১২৭ মেট্রিক টন গম বরাদ্দ দেওয়া হয়। নিয়মানুযায়ী শ্রমিক দিয়ে মাটি ভরাট করার কথা থাকলেও সংশ্লিষ্ট ব্যক্তিরা ফুলঝোড় নদ থেকে ড্রেজার দিয়ে বালু তুলে ভরাটের কাজ করছেন। নদ থেকে বালু তোলায় ইতিমধ্যে এর তীরবর্তী ধানগড়া, তবারীপাড়া ও বেড়া বাজুয়াপাড়া গ্রাম ভাঙনের হুমকির মুখে পড়েছে। যেখানে ড্রেজার দিয়ে মাটি ভরাট করা হচ্ছে, সেখানে নামমাত্র কয়েকজন শ্রমিক রাখা হয়েছে।পৌরসভা সূত্র জানায়, ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর উজ্জ্বল মাহমুদ প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাপতি এবং ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী কাউন্সিলর রিক্তা খাতুন কমিটির সদস্য। এ ছাড়া আওয়ামী লীগের বেশ কিছু স্থানীয় নেতা-কর্মীকে কমিটির সদস্য রাখা হয়েছে। তাঁরা বেশি লাভের আশায় শ্রমিকদের দিয়ে মাটি না কাটিয়ে ড্রেজার দিয়ে মাটি কাটছেন।অনিয়মের বিরুদ্ধে আবেদনকারী আবদুল মান্নান বলেন, সরকারি নিয়মনীতি উপেক্ষা করে সংশ্লিষ্ট ব্যক্তিরা শ্রমিক দিয়ে মাটি ভরাটের কাজ না করে ড্রেজার দিয়ে মাটি ভরাট করছেন। এতে একদিকে এলাকার গরিব মানুষ সরকারি সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন, পাশাপাশি নদ থেকে অপরিকল্পিতভাবে বালু তোলায় এর তীরবর্তী তিনটি গ্রামসহ আশপাশের জনপদ হুমকির মুখে পড়েছে।প্রকল্পের কাজে নদ থেকে ড্রেজার দিয়ে বালু তোলার কথা স্বীকার করে উজ্জ্বল মাহমুদ বলেন, ‘নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পের কাজ শেষ করার জন্য সংশ্লিষ্ট দপ্তরের অনুমতি সাপেক্ষে আমরা এভাবে কাজ করছি।’ তিনি দাবি করেন, ড্রেজারের পাশাপাশি শ্রমিক দিয়েও মাটি কাটা হচ্ছে। এলাকার উন্নয়ন চান না, এমন কিছু লোক ষড়যন্ত্র করছেন বলে তিনি অভিযোগ করেন।রায়গঞ্জ পৌরসভার মেয়র মোশারফ হোসেন বলেন, ‘গরিব মানুষ যেন উপকৃত হয়, সে ব্যবস্থা আমাদের করা দরকার।’উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মাদ আবদুল আহাদ বলেন, আশ্রয়ণ প্রকল্পে মাটি ভরাটের জন্য শ্রমিক দিয়ে মাটি কাটার নিয়ম রয়েছে। ড্রেজার দিয়ে বালু তুলে ভরাটের অভিযোগ পাওয়ার পর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে (পিআইও) এ ঘটনা তদন্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিন্দার আলীর সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তা বন্ধ পাওয়া গেছে।