নদী থেকে বালু তোলায় হুমকিতে সড়ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিয়মনীতি উপেক্ষা করে বালুর ব্যবসায়ীরা মাদারীপুরের কালকিনি পৌর এলাকায় পালরদী নদী থেকে বালু উত্তোলন করছেন। এ কারণে হুমকির মুখে পড়ছে কালকিনি-মোল্লারহাট সড়ক। সড়কের প্রায় এক কিলোমিটার অংশ যেকোনো মুহূর্তে নদীগর্ভে বিলীন হয়ে যেতে পারে।সড়কের টেম্পোচালক মামুন বলেন, ‘নদীর তোন বালি উডাইলে তো এই রাস্তাডাই ভাইঙ্গা পড়ব। রাস্তার তোন কি বালির ব্যবসা বড় অইয়া গ্যালো? কেউ কিছু কয় না। আমরা কইয়া কী করমু।’ একই ধরনের কথা বলেন ইজিবাইকের চালক নাসিমসহ কয়েকজন।বুধবার সরেজমিনে দেখা গেছে, উপজেলার পৌর এলাকার পালরদী সেতুর প্রায় ২০০ মিটার দূরে খননযন্ত্র (ড্রেজার) দিয়ে বালু উত্তোলন করে নদীর পাড়ে রাখা হচ্ছে এবং সেখান থেকে ওই বালু বিক্রি করা হচ্ছে। কালকিনি পৌর তহশিল (ভূমি) অফিসের পাশে নদীতে চার-পাঁচটি খননযন্ত্র বসানো হয়েছে। এর ২০০ গজ দক্ষিণে এগিয়ে আরও দুটি এবং আরেকটু এগোলে একটি খননযন্ত্র বসিয়ে অবাধে বালু উত্তোলন করা হচ্ছে। এই নদীতেই ২০-২৫টি খননযন্ত্র রয়েছে। নদীর পাড় থেকে ১০-১২ হাত দূরে কালকিনি-মোল্লারহাট সড়ক। পৌর এলাকায় এ সড়কের প্রায় এক কিলোমিটার রক্ষার জন্য পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নদীর তীরে ব্লক ফেলেছে। এই ব্লক ফেলা এলাকার কাছে নদীতে বালু তোলা হচ্ছে।স্থানীয় সূত্রে জানা যায়, এসব খননযন্ত্রের মালিক তৌহিদুজ্জামান, আবুল হোসেন বেপারি, নছিফ হাওলাদার, জালাল বেপারি, খোকন হাওলাদার, জাকির হোসেনসহ কয়েকজন প্রভাবশালী ব্যক্তি। তাঁরা প্রশাসনের সঙ্গে আঁতাত করে বালু উত্তোলন করছেন। ফলে হুমকির মুখে পড়েছে কালকিনি-মোল্লারহাট সড়ক। সড়কটি যেকোনো মুহূর্তে বিলীন হয়ে যেতে পারে। ইতিমধ্যে ওই সড়ক ও ব্লক বাঁধের কয়েকটি জায়গায় ধস দেখা দিয়েছে। শিকারমঙ্গল গ্রামের সুমন বলেন, ‘প্রশাসনের নাকের ডগায় বালু উত্তোলনের মহোৎসব চলছে। কর্মকর্তারা দেখেও না দেখার ভান করছেন?’বালু ব্যবসায়ী ও খননযন্ত্রের মালিক তৌহিদুজ্জামান বলেন, ‘আমরা বৈধভাবেই বালু উত্তোলন করতাছি। নদীর পাড়ের মাটি যাতে না ভাঙে সেই দিকেও খেয়াল আছে।’ একই ধরনের কথা বলেন আবুল হোসেন বেপারি, নছিফ হাওলাদার, জালাল বেপারি, খোকন হাওলাদার, জাকির হোসেনসহ কয়েকজন বালুর ব্যবসায়ী।কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ রিয়াজ বলেন, ‘আমরা মাঝেমধ্যে অভিযান চালিয়ে জরিমানা করি। তবে খননযন্ত্রের মালিকেরা গোপনে গোপনে এ কাজ করেন। আমরা দুই-এক দিনের মধ্যে আবার অভিযান চালাব।’