নদী দখলদার ও দূষণকারীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ আট দফা দাবি জানিয়েছে পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা)। গতকাল শুক্রবার পুরান ঢাকার ওয়াইজঘাটে নৌকা শোভাযাত্রা থেকে পবা এ দাবি জানায়।পৃথক সমাবেশ থেকে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) শব্দদূষণ রোধে ১২ দফা দাবি জানিয়েছে। গতকাল জাতীয় প্রেসক্লাবের সামনে ‘শব্দদূষণ নিয়ন্ত্রণ আইনের পূর্ণ বাস্তবায়ন এবং রাতে আবাসিক এলাকায় বাস, ট্রাক চলাচল ও নির্মাণকাজ বন্ধ করার’ দাবিতে অনুষ্ঠিত সমাবেশ থেকে এই দাবি উত্থাপন করা হয়।পবার নৌকা শোভাযাত্রা: অবৈধভাবে নদীর সীমানা চিহ্নিতকারী ও বুড়িগঙ্গা দখল ও দূষণকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সকাল ১০টায় ওয়াইজঘাট থেকে নৌকা শোভাযাত্রা বের করে পবা। কামরাঙ্গীরচর ঘাটে গিয়ে শোভাযাত্রা শেষ হয়।শোভাযাত্রাপূর্ব সমাবেশে বক্তারা বলেন, নদীর সীমানা নির্ধারণের জন্য যে পিলার স্থাপন করা হয়েছে, তা নদীর অনেক ভেতরে বসানো হয়েছে। এতে দখলদারদের দখলদারি আরও পাকাপোক্ত হয়েছে। এই ঘৃণ্য কাজ যারা করেছে, তাদের কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে। বুড়িগঙ্গা দখল ও দূষণ রোধে স্যাটেলাইট ম্যাপ দেখে সিএস দাগ অনুসারে সীমানা চিহ্নিত করা, নদী কমিশন গঠন, নদী দখল ও দূষণকারীদের ব্যাংক হিসাব জব্দ, অবৈধ স্থাপনা দ্রুত উচ্ছেদ ও বর্জ্য উত্তোলন এবং বর্জ্য যাতে না ফেলা হয় সে ব্যাপারে অগ্রাধিকার দেওয়াসহ বিভিন্ন দাবি জানানো হয়।সমাবেশে মূল বক্তব্য দেন পবার চেয়ারম্যান আবু নাসের খান। কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ, রিয়াজ উদ্দিন প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।বাপার ১২ দফা: শব্দদূষণের ভয়াবহতা রোধে বাপা ঢাকাসহ সারা দেশে শব্দদূষণ নিয়ন্ত্রণ আইনের পূর্ণ বাস্তবায়নসহ ১২ দফা দাবি জানিয়েছে। এই দাবির মধ্যে শব্দদূষণ নিয়ন্ত্রণ আইন সংশোধন করে শব্দদূষণে ক্ষতিগ্রস্ত ব্যক্তিকে সরাসরি মামলা করার অধিকার দেওয়া, রেডিও ও টেলিভিশনে শব্দদূষণের ক্ষতিকর দিকগুলো প্রচার করা, রাতে আবাসিক এলাকায় নির্মাণকাজ বন্ধ রাখা, আবাসিক এলাকায় বাস, ট্রাক প্রবেশ ও হর্ন বাজানো বন্ধ করা, নকল যানবাহনে হাইড্রলিক হর্ন সম্পূর্ণ নিষিদ্ধ করা এবং আবাসিক এলাকায় ইট ভাঙার মেশিন সম্পূর্ণ বন্ধ করা উল্লেখযোগ্য।বাপার যুগ্ম সম্পাদক জে কে বড়ালের সভাপতিত্বে সমাবেশে সুন্দর জীবনের চেয়ারম্যান সিরাজুল ইসলাম, সিপিবির নেতা রুহিন হোসেন, গ্রিন ভয়েসের সমন্বয়ক আলমগীর কবির, সিটিজেন রাইটস মুভমেন্টের তুষার রেহমান, বিধান চন্দ্র পাল প্রমুখ বক্তব্য দেন।