নদী দখল ও দূষণমুক্ত রাখতে ফুল ছিটিয়ে প্রার্থনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তখন ছিল মুষলধারে বৃষ্টি। সিলেটের সুরমা নদীতে তখন উথাল-পাথাল ঢেউ। শহরের নদীতীরবর্তী চাঁদনীঘাটের সিঁড়িতে দাঁড়ানো কিছু মানুষ। তাঁদের এক হাতে ছাতা, অন্য হাতে ফুল। ‘দখল ও দূষণ দৈত্যের হাত থেকে নদীকে মুক্তি দাও’—এ প্রার্থনা জানিয়ে প্রবল বর্ষণের মধ্যে তাঁরা নদীতে ‘পুষ্প বর্ষণ’ করেন।
নগরের কিনব্রিজ এলাকার সুরমা নদীর চাঁদনীঘাটে বিশ্ব নদী দিবস সামনে রেখে গতকাল শুক্রবার ব্যতিক্রমী এ কর্মসূচি পালন করে আন্তর্জাতিক পরিবেশবাদী সংগঠন ‘অঙ্গীকার বাংলাদেশ’। কাল রোববার ২৮ সেপ্টেম্বর পালিত হতে যাচ্ছে বিশ্ব নদী দিবস। সিলেটের সুরমা নদী ছাড়াও গতকাল সকাল ১০টা থেকে সাড়ে ১০টার মধ্যে একযোগে টঙ্গীর তুরাগ, বরিশালের কীর্তনখোলা ও ময়মনসিংহের ব্রহ্মপুত্র নদে এই ‘পুষ্প বর্ষণ’ কর্মসূচি পালিত হয়। সুরমায় পুষ্প বর্ষণ কর্মসূচির শুরুতে অঙ্গীকার বাংলাদেশের সমন্বয়ক মইনুদ্দিন আহমদ জালাল স্বাগত বক্তব্য দেন।
এদিকে বরিশালের কীর্তনখোলা নদীতেও অঙ্গীকার বাংলাদেশের উদ্যোগে ফুলের পাপড়ি ছড়িয়ে দখল ও দূষণের বিরুদ্ধে প্রতিবাদ জানানো হয়। পরে সমন্বিত সমাজ উন্নয়ন সংগঠনের নির্বাহী পরিচালক আনোয়ার জাহিদের সভাপতিত্বে এক সমাবেশ হয়। এতে বক্তব্য দেন সুশাসনের জন্য প্রচারাভিযান সুপ্র বরিশালের সভাপতি সৈয়দ হাবিবুর রহমান প্রমুখ।