নদী দখল করে আওয়ামী লীগ কর্মীর বাড়ি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার আটঘরিয়া উপজেলার লক্ষ্মীপুর গ্রামের মধ্য দিয়ে প্রবাহিত ইছামতী নদীর ১৩ শতাংশ জায়গা দখল করে বাড়ি নির্মাণ করেছেন আওয়ামী লীগের এক কর্মী। আর পাবনা-৪ আসনের (ঈশ্বরদী-আটঘরিয়া) সাংসদ ও জেলা আওয়ামী লীগের সভাপতি শামসুর রহমান শরীফের সুপারিশে ওই বাড়ি উচ্ছেদের কার্যক্রম বন্ধ হয়ে গেছে। এ অবস্থায় দখলদার দিনে দিনে দখলের পরিধি বাড়িয়ে চলেছেন বলে এলাকার বেশ কয়েকজন অভিযোগ করেছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, গত বছরের মে মাসে আওয়ামী লীগের স্থানীয় কর্মী ও ব্যবসায়ী (মাটি কাটার যন্ত্র ভাড়া দেন) আবদুল মালেক সরদার নদীর প্রায় ১৩ শতাংশ জমি ভরাট করে টিনের একটি ও দুটি ছাপরা ঘর তৈরি করেন। এতে নদী সরু হয়ে যায় এবং পানিপ্রবাহ বাধাগ্রস্ত হয়ে নদীতে ময়লা-আবর্জনা জমতে থাকে। জেলা প্রশাসকের কার্যালয় ও এ-সংক্রান্ত বিভিন্ন নথি থেকে জানা যায়, আবদুল মালেক সরদার নদীতে মাটি ভরাট শুরু করার পর গত বছরের ৩১ মে এলাকাবাসী জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের ঢাকা কার্যালয়ে বিষয়টি জানান।সরেজমিনে তদন্ত শেষে আটঘরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহামঞ্চদ শামছুজ্জামান গত ১২ আগস্ট তদন্ত প্রতিবেদন দেন। প্রতিবেদনে তিনি বলেন, লক্ষ্মীপুর ইউনিয়নের লক্ষ্মীপুর মৌজার ১ নম্বর খতিয়ানভুক্ত আরএস ১০৬৬ নম্বর দাগের জমির শ্রেণী ফসলি ও ১০৭৪ নম্বর দাগের জমির শ্রেণী নদী। ১০৬৬ নম্বর দাগটি ভাঙনের কবলে পড়ে ১০৭৪ দাগের সঙ্গে মিশে নদী হিসেবে ব্যবহার করা হচ্ছে। আবদুল মালেক দুটি দাগের সংযোগস্থলে ১৩ শতাংশ জমি ভরাট করে বাড়ি তৈরি করছেন। ৮ অক্টোবর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দখলদারকে সাত দিনের মধ্যে দখল ছেড়ে দিতে উচ্ছেদের নোটিশ দেন। কিন্তু এতে কর্ণপাত না করায় উপজেলা প্রশাসন উচ্ছেদ কার্যক্রমের প্রস্তুতি শুরু করে। চলতি বছরের ২১ মার্চ আবদুল মালেক নিজেকে ভূমিহীন প্রজা দাবি করে তাঁকে উচ্ছেদ না করার জন্য জেলা প্রশাসন বরাবর আবেদন করেন। আবেদনপত্রে সুপারিশ করেন সাংসদ শামসুর রহমান শরীফ। এরপর বন্ধ হয়ে যায় উচ্ছেদ কার্যক্রম। সাংসদ তাঁর সুপারিশে বলেন, ‘মানবিক কারণে বিষয়টি বিবেচনা ও তদন্ত করিয়া মানবিক দৃষ্টিভঙ্গিতে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য সুপারিশ করা হইল।’ এলাকার কয়েকজন বলেন, সাংসদের সুপারিশে উচ্ছেদ কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ায় মালেক দখলের মাত্রা আরও বাড়িয়ে দিয়েছেন। তিনটি ঘর থাকতেও তিনি নতুন করে আরও একটি ঘর তুলছেন। মালেক বলেন, ‘আমি নদীর জমি দখল করি নাই। এমপি সাহেবসহ স্থানীয় লোকজন আমাক এনে থাকপের দিছে। তাই খাসজমিত বাড়ি বানাইছি।’ জেলা প্রশাসক মোস্তাফিজুর রহমান বলেন, সাংসদের সুপারিশে উচ্ছেদ কার্যক্রম বন্ধ হয়েছে, এটা ঠিক নয়। রাজনৈতিক অস্থিরতাসহ বিভিন্ন কারণে পুলিশ ও লোকবল-সংকটে উচ্ছেদ অভিযান চালানো হয়নি। রমজান মাস শেষ হলেই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে। জানতে চাইলে সাংসদ বলেন, এলাকার অনেক মানুষ নানা বিষয়ে সুপারিশের জন্য আসেন। মানবিক কারণে ওই সুপারিশ করা হয়েছে। তবে জায়গার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত জেলা প্রশাসনই নেবে। মালেকের দলীয় পরিচয় প্রশ্নে সাংসদ বলেন, ‘দলের তো অনেক কর্মী। এ ব্যাপারে নিশ্চিত কিছু বলতে পারছি না।’