নদী দখল করে ঘের খনন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নড়াইলের লোহাগড়া উপজেলার গোপিনাথপুর গ্রামে নবগঙ্গা নদী দখল করে ঘের খনন করা হচ্ছে। আবদুল মোতালেব মুন্সি ওরফে রাজা মিয়া নামের স্থানীয় একজন ব্যক্তি শ্রমিক দিয়ে এ কাজ করাচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে।লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের আধা কিলোমিটার দূরে এ অবৈধ কার্যক্রম চললেও দেখার যেন কেউ নেই। এতে নদীর স্বাভাবিক গতিপথ বাধাগ্রস্ত হবে বলে আশঙ্কা করেছেন এলাকাবাসী।এলাকাবাসী সূত্রে জানা গেছে, নবগঙ্গা নদীর উৎপত্তি কুষ্টিয়া জেলার কুমারখালি গড়াই নদী থেকে। এটি ঝিনাইদহ ও মাগুরার মধ্য দিয়ে প্রবাহিত হয়ে নড়াইলের লোহাগড়া, বড়দিয়া ও কালিয়া উপজেলার পেড়লী এলাকায় চিত্রা ও ভৈরব নদীর সঙ্গে মিশেছে। নড়াইলের অংশে নদীটির দৈর্ঘ্য প্রায় ৬০ কিলোমিটার।উপজেলার লক্ষ্মীপাশা ইউনিয়ন ভূমি কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলার লক্ষ্মীপাশা মৌজায় নবগঙ্গা নদীর জমির পরিমাণ ৬২ একর ৫৯ শতক। গোপিনাথপুর গ্রামের বাসিন্দা রাজা মিয়া শুকিয়ে যাওয়া নবগঙ্গা নদীর দুই একর ৫০ শতক জমি ২০০০ সালে মাঠ জরিপের সময় নিজের নামে রেকর্ড করেন। বিষয়টি জানার পর ভূমি কার্যালয় তাঁর বিরুদ্ধে ৩০ ধারায় মামলা করে। পরে তাঁর দখলে থাকা জমি এক নম্বর খাস খতিয়ানভুক্ত করা হয়।খতিয়ানভুক্ত হওয়ার পর তিনি ওই জমির ৫০ শতকে ফসল উৎপাদন করেন। উৎপাদিত ফসলের তিন ভাগের এক ভাগ তিনি সরকারি কার্যালয়ে জমা দেন। বেশ কয়েক দিন ধরে নদীর ওই অংশের দুই একর তিনি আবার দখল করে সেখানে ঘের তৈরি করছেন।গত বুধবার সরেজমিনে দেখা গেছে, রাজা মিয়ার বাড়ির সামনে ওই নদীতে ১৫ জন শ্রমিক মাটি কাটছেন। দুই-আড়াই হাত গভীর করে ঘের খনন করা হচ্ছে। কিছু মাটি নদীতীরে ফেলে তিনি তাঁর বাড়ির আঙিনা বাড়াচ্ছেন। নদীর মধ্যে বাঁধ দিয়ে বড় আকারের ঘের তৈরি করা হচ্ছে। যেখানে এটি খনন করা হচ্ছে, এর ছয়-সাত হাত দূরেই নদীর পানি প্রবাহিত হচ্ছে।স্থানীয় সূত্রে জানা গেছে, শুষ্ক মৌসুমে নবগঙ্গা নদীর গোপিনাথপুর গ্রামের অংশে পানি থাকে না। পলি মাটি পড়ে নদীটি ভরাট হয়ে গেছে। কিন্তু বর্ষা মৌসুমে এ অংশে অনেক পানি থাকে। তখন জোয়ার-ভাটা হয়।এ ব্যাপারে রাজা মিয়া বলেন, ‘জমির কিছু অংশ একসনা (এক বছরের জন্য) বন্দোবস্ত নিয়ে ধান চাষ করি। বর্ষাকালে নদীর এ অংশে পানি জমে থাকে। ঘের কাটা হচ্ছে না। জোয়ারের পানি সংরক্ষণের জন্য বাঁধ দেওয়া হচ্ছে।’লক্ষ্মীপাশা ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা শেখ মো. আবদুল মোতালেব জানান, নদীর তীরে যাদের বসবাস, তারা নদী দখল করে আছেন। এ ঘটনা প্রতিদিনই দেখা যাচ্ছে, এটি অবৈধ। এর আগে মাঠজরিপের সময় রাজা মিয়া আড়াই একর জমি নিজের নামে রেকর্ড করেন। ৩০ ধারায় মামলা করে ওই জমি উদ্ধার করা হয়। এখন রাজা মিয়া আবার নদীর জমি দখল করে সেখানে ঘের তৈরি করছেন। এ পর্যন্ত মাটি কাটার জন্য তিনি ৮০ হাজার টাকা খরচ করেছেন।উপজেলা নির্বাহী কর্মকর্তা মিনা মাসুদুজ্জামান জানান, এ ধরনের অবৈধ কর্মকাণ্ড হলে আইনিব্যবস্থা নেওয়া হবে। বৃহস্পতিবার তিনি ঘটনাস্থলে গিয়ে মাটি কাটার কাজ বন্ধ করে দিয়েছেন।