নদী দখল করে চলছে মার্কেট ও বাংলো নির্মাণ
ঢাকা-নবাবগঞ্জ সড়কের পাশে মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার চিত্রকোট ইউনিয়নের খারশুর বাজারের কাছে ইছামতীর শাখা নদী দখল করে স্থানীয় এক প্রভাবশালী মার্কেট ও ব্যক্তিগত বাংলো নির্মাণ করছেন।
স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা অভিযোগ করেন, প্রায় ১০ বছর আগে এই শাখা নদী দিয়ে লঞ্চসহ মালবাহী নৌযান চলাচল করত৷ ধীরে ধীরে তীর বেদখল হওয়ায় নদী সংকুচিত ও গভীরতা কমে যায়৷ ফলে বন্ধ হয়ে যায় লঞ্চ চলাচল। বর্ষাকালে মালবাহী মাঝারি নৌযান চলাচল করতে পারলেও শুকনো মৌসুমে তা বন্ধ থাকে। এর এক কিলোমিটার উত্তরে নদীর কূল ঘেঁষে গড়ে উঠেছে ঢাকার দক্ষিণাঞ্চলের সবচেয়ে বড় পাইকাির কাপড়ের বাজার শিবরামপুর হাট৷ যেখানে সারা বছরই তাঁিতরা তাঁদের উৎপাদিত কাপড় বিক্রি করতে আসেন। বর্ষা মৌসুমে নৌকাযোগে এ হাটে মালামাল আনা-নেওয়া করা হয়৷
গত সোমবার সরেজমিনে দেখা যায়, চিত্রকোট ইউনিয়নের খারশুর বাজারের সঙ্গে ইছামতীর শাখা নদীটির অনেকাংশজুড়ে বহুতল ভবন নির্মাণের কাজ করছেন রবিন টেক্সটাইলের মালিক ব্যবসায়ী আবু খায়ের মো. শাখাওয়াত৷ তিনি বেিশর ভাগ সময় দেশের বাইরে থাকেন৷ তাঁর চাচাতো ভাই স্বপন মোল্লা নির্মাণাধীন ভবনের কাজ দেখাশোনা করেন। তিনি বলেন, তাঁর ভাই নদী দখল করেননি৷ প্রায় ১০ বছর আগে ক্রয় করা জায়গার কিছু অংশ নদীতে চলে যায়৷ তাঁদের সেই অংশেই সীমানাপ্রাচীর করা হচ্ছে। এখানে মার্কেট ও তাঁর ব্যক্তিগত বাংলো নির্মাণ করা হবে বলে তিনি জানান।
খারশুর বাজার কমিটির সভাপতি আবদুর রাজ্জাক বলেন, ‘কীভাবে এসব স্থাপনা নির্মাণ করা হচ্ছে, তা আমাদের জানা নেই। স্থানীয় ইউপি চেয়ারম্যান শামসুল হুদার ঠিকাদাির প্রতিষ্ঠান এ কাজটি করছে। একজন জনপ্রতিনিধি হিসেবে বিষয়টি তিনি ভালো বলতে পারবেন৷’ তবে বেশ কয়েকবার চেষ্টা করলেও ইউপি চেয়ারম্যান মুঠোফোন ধরেননি৷
খারশুর বাজারের একজন ব্যবসায়ী নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, তাঁরা এলাকার প্রভাবশালী লোক৷ নদী দখল করে মার্কেট নির্মাণ করছেন৷ কিন্তু ভয়ে কেউ প্রতিবাদ করতে পারছেন না৷ স্থানীয় ইউপি চেয়ারম্যানের মদদেই এসব করছেন৷
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নূর মহল আশরাফী বলেন, ‘নদী সরকাির সম্পত্তি৷ এ সম্পত্তি ভরাট বা দখল হতে দেওয়া যাবে না৷ আমি নতুন এসেছি৷ বিষয়টি খোঁজ নিয়ে দেখা হচ্ছে।’
সিরাজদিখান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুল কাশেম বলেন, যত বড় প্রভাবশালীই থাকুক, নদী দখল করে মার্কেট নির্মাণ করতে পারবে না৷ সহকারী কমিশনারকে (ভূিম) পাঠিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে৷