নদী দখল করে চার ইটভাটা হুমকিতে সেতু-বাড়ি
খুলনার ডুমুরিয়া উপজেলার ভদ্রদিয়া গ্রামে ভদ্রা নদীর পশ্চিম পারে জমি ইজারা নিয়ে গড়ে তোলা চারটি ইটভাটার মালিকেরা জায়গা দখল করায় নদীর গতিপথ পরিবর্তন হচ্ছে। এতে ভাঙনের হুমকির মুখে পড়েছে সেতু, নদীর পূর্ব পারের খর্ণিয়াবাজার, ভদ্রদিয়া ও রানাই গ্রামের প্রায় সাড়ে তিন শ বাড়ি।সরেজমিনে দেখা গেছে, এই ভাটাগুলো নদীর পশ্চিম পাশে উত্তর-দক্ষিণে প্রায় তিন কিলোমিটারজুড়ে নদীর ভেতরে অর্ধেক জায়গা (২০-২৫ ফুট) দখল করে ফেলেছে। এ কারণে নদী গতি পরিবর্তন করে পূর্ব দিকে চলে আসছে। এতে ভাঙনের মুখে পড়েছে পূর্ব পাশের ওই সব স্থাপনা। এলাকাবাসী জানায়, নদীর পারে ভূমিহীন কৃষকেরা সরকারের কাছ থেকে জমি ইজারা নিয়েছিলেন। বছর দুয়েক আগে তাঁদের কাছ থেকে ইজারা নিয়ে ভাটামালিকেরা ওই চারটি ভাটা গড়ে তুলেছেন। এগুলো হচ্ছে: হুমায়ন কবিরের এএম ব্রিকস, শাহজাহান জম্মাদারের নূরজাহান ব্রিকস, গাজী আবদুল হাদীর সেতু ব্রিকস ও গাজী ফজলুর রহমানের সাতক্ষীরা ব্রিকস। সেতু ব্রিকস বাদে বাকি ভাটাগুলোর মালিকেরা নদীতে বাঁধ দিয়ে ছোট ছোট পুকুর নির্মাণ করছেন। এসব পুকুরে জমা পলিমাটি দিয়ে তাঁরা ইট তৈরি করছেন। এভাবে বাঁধ দেওয়ায় নদীর স্রোত কমে যাচ্ছে। পলি পড়ে নদীটি নাব্যতা হারাচ্ছে, পাল্টে যাচ্ছে গতিপথ।উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয় সূত্রে জানা গেছে, সেখানে জমিগুলো ৯৯ বছরের জন্য কৃষকদের ইজারা দেওয়া হয়েছে। ইজারার শর্ত অনুযায়ী তাঁরা প্রত্যেকে পাঁচ শতকে একটি ঘর নির্মাণ করতে পাবেন। বাকি জমি চাষের জন্য। সেখানে অন্য কোনো স্থাপনা করা হলে ইজারা বাতিল হবে। ভদ্রদিয়া গ্রামের অনুপম সরকার বলেন, ‘নদীর মধ্যে বাঁধ দেওয়ায় নদী ধীরে ধীরে শুকিয়ে যাচ্ছে। উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্বে থাকা সহকারী কমিশনার (ভূমি) সাখাওয়াত হোসেন বলেন, ‘যেসব ভূমিহীন কৃষকের জমি ইজারা দেওয়া হয়েছে, তাঁরা এখনো কোনো ভাটার বিরুদ্ধে লিখিত অভিযোগ দেননি। দখলের কারণে নদীর যে জায়গাগুলোতে চর পড়েছে, সেখানকার মাটি কেটে নদীর স্রোতের গতি বাড়ানোর জন্য পানি উন্নয়ন বোর্ডকে (পাউবো) লিখিতভাবে জানিয়েছি। আর শর্ত ভঙ্গ করে যেসব ভূমিহীন ইটভাটাকে জমি দিয়েছে, সে ব্যাপারে পদক্ষেপ নেওয়ার প্রক্রিয়া চলছে।’ উপজেলা চেয়ারম্যান, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সেতু ব্রিকসের মালিক গাজী আবদুল হাদী বলেন, ‘আমি কোনো নদী দখল করিনি। কেউ কেউ বাঁধ দেওয়ায় নদীর স্বাভাবিক গতি ব্যাহত হচ্ছে।’এএম ব্রিকসের পরিচালক সাইফুল ইসলাম বলেন, ‘নদীর পাশে এভাবে বাঁধ দেওয়া হচ্ছে অনেক দিন থেকে। তবে আমরা কিছু দিন থেকে বাঁধ দিচ্ছি।’নূরজাহান ব্রিকসের মালিক শাহজাহান জম্মাদার বলেন, ‘জমি ইজারা নিয়ে ভাটা করেছি। আমরা এখন নদীর মধ্য থেকে অনেকটা সরে এসেছি। আমরা নদীর পারে জমে থাকা মাটি কেটে নিই। পরে জোয়ারের সময় পলি পড়ে এ জায়গা আবার ভরাট হয়ে যায়। এতে নদীর তেমন ক্ষতি হয় না।’ খর্ণিয়া ইটভাটা মালিক সমিতির সভাপতি ও খুলনা-৫ আসনের সাংসদ নারায়ণ চন্দ্র চন্দ বলেন, ‘আমি ইউএনওকে নদী দখলের ব্যাপারে পদক্ষেপ নিতে বলেছি। ভাটার মালিকেরা নদীর মধ্যে এত দূর চলে গেছেন, এখন তাঁদের পক্ষে নদী খনন করা সম্ভব নয়। তাই আমি চেষ্টা করছি পাউবোর মাধ্যমে নদীর এ অংশ খনন করা যায় কি না।’ পাউবো খুলনার নির্বাহী প্রকৌশলী আবদুর রব হাওলাদার বলেন, ‘নদীতে বাঁধ দেওয়ায় পলি জমে পশ্চিম পাশ ভরাট হয়ে গেছে। এখন নদীর পশ্চিম পাশে লুপ কাট দিলে (বাঁকা জায়গা সোজা করে কেটে দেওয়া) পানি পশ্চিম দিকে চলে গেলে নদীর স্রোত বেড়ে যাবে।’