নদী দখল করে তৈরি পুকুর কেটে দেওয়া হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবশেষে ঝিনাইদহ-যশোরের বুড়ি ভৈরব নদী দখলমুক্ত করার কাজ শুরু হয়েছে। গত দুই দিনে প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত থেকে নদী দখল করে ঘের দিয়ে তৈরি করা আটটি পুকুরের পাড় কেটে দিয়েছেন। গতকাল মঙ্গলবার কেটে দেওয়া পুকুরের পাড় পুনরায় মেরামত করার অভিযোগে বারোবাজার বেলাট গ্রামের স্বপন বিশ্বাস নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি ওই নদীর প্রায় সাত বিঘা জমি দখল করে পুকুর কেটেছিলেন। ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারোবাজারের মাঝ দিয়ে বয়ে গেছে বুড়ি ভৈরব নদী। যশোরের ভৈরব নদীতে মিশে গেছে এই নদী। ১২-১৪ বছর ধরে এলাকার কিছু লোক ভূমিহীনদের নাম ব্যবহার করে নদীর চর পরা অংশ বন্দোবস্ত নিয়ে দখল করে আসছিলেন। বন্দোবস্ত দেওয়ার পর থেকে শুরু হয় নদীর পানির গতি রোধ, চাষের নামে নদীর জায়গা ভরাট ও দখলের হিড়িক। উপজেলার কাস্টভাঙ্গা ইউনিয়নের ভূমি সহকারী কর্মকর্তা সিরাজুল ইসলাম জানান, বর্তমানে ৫৭ জন ব্যক্তির ৬০টি পুকুর রয়েছে এই নদীতে। ভূমিহীন হিসেবে যাঁরা বন্দোবস্ত নিয়েছিলেন, তাঁরা অধিকাংশ শর্তভঙ্গ করেছেন।কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মনিরুজ্জামান জানান, পুকুরের পাড় কাটা অব্যাহত থাকবে। প্রথমে তাঁরা দখল হয়ে যাওয়া নদীর জায়গায় লাল নিশানা পুঁতে দিচ্ছেন। পরে পুকুরের পাড় কেটে নদীর পানিপ্রবাহের ব্যবস্থা করছেন। অল্প দিনের মধ্যে ঝিনাইদহ অংশে থাকা নদী দখলমুক্ত করতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।