নদী দখল করে তৈরি স্থাপনা এ বছরের মধ্যেই উচ্ছেদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নদী দখল করে যেসব স্থাপনা তৈরি হয়েছে সেগুলো এ বছরের মধ্যেই উচ্ছেদ করা হবে বলে জানিয়েছেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান। গত বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে মিট দ্য প্রেস অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে শাজাহান খান তাঁর মন্ত্রণালয়ের নানা কর্মকাণ্ডের তথ্য তুলে ধরার পাশাপাশি দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়েও কথা বলেন। মন্ত্রী বলেন, রাজধানীর আশপাশের নদীগুলোকে দূষণমুক্ত ও দখলমুক্ত করতে আবারও কঠোর পদক্ষেপ নেওয়া হবে। তিনি বলেন, ‘নদীর পাশে অবৈধ দখল করে তৈরি হওয়া বড় স্থাপনাগুলোতে সবার আগে আঘাত করতে চাই। বিআইডব্লিউটিএকে ইতিমধ্যে এ ধরনের ভবন বা স্থাপনা চিহ্নিত করার নির্দেশ দেওয়া হয়েছে।’

নদী দূষণমুক্ত করতে মন্ত্রণালয়ের পরিকল্পনা প্রধানমন্ত্রীর অনুমোদন পেয়েছে জানিয়ে নৌমন্ত্রী বলেন, আগামী বাজেটে এ বিষয়ে বরাদ্দ পেলে কাজ শুরু হবে। ঢাকার আশপাশের নদীর পাড়ে ২০ কিলোমিটার ‘ওয়াকওয়ে’ তৈরি করা হয়েছে। আরও ৫০ কিলোমিটার ‘ওয়াকওয়ে’র কাজ শুরু হবে। এসব ‘ওয়াকওয়ে’ নদী দখল রোধে সহায়ক হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি জামাল উদ্দিন। সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক রাজু আহমেদ।